ঘটক মোশাররফ করিম!
বহুমাত্রিক অভিনেতা মোশাররফ করিম এবার ঘটক সাজতে যাচ্ছেন। নাটকটির নাম ‘পিরিতের কাঙ্গাল’। বরজাহান হোসেন রচিত ও আজহারুল আলম পরিচালিত নাটকটির কাহিনি এগিয়েছে একটি হাস্য-রসাত্মক ঘটনা নিয়ে।এতে দেখা যাবে, সাত গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে নাজমা। গ্রামের সব যুবক নাজমার সঙ্গে প্রেম করতে মরিয়া। কিন্তু নাজমার সঙ্গে ভালো সম্পর্ক শুধু মোশাররফ করিমের। তাই গ্রামের সবাই নাজমার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরির জন্য মোশাররফকে অবলম্বন হিসেবে বেছে নেয়। সবাই মোশারফের কাছে নাজমার জন্য উপহার পাঠায়। আর মোশাররফ সেটা নিজের নামে নাজমাকে দেয়। ঘটনা মোড় নেয় যখন মোশাররফ নিজেই নাজমাকে বিয়ে করে গ্রামে ফেরে। তখন সব যুবক এক হয়ে ঘেরাও করে প্রতারক মোশাররফ করিমকে। এ রকমই হাস্য-রসাত্মক ঘটনা নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।মোশাররফ করিম বলেন, ‘আমরা বিয়ের ঘটকের বিষয় জানি। কিন্তু প্রেমেরও যে ঘটক থাকে সে বিষয়টি অবগত নই। বিষয়টি খুবই মজার। এ রকম একটি চরিত্রে অভিনয় করে খুব মজা পেয়েছি। গ্রামের বাস্তব অথচ মজার কিছু বিষয় উঠে এসেছে এ নাটকে।’নাটকটির অন্যান্য অভিনয়শিল্পীর মধ্যে আছেন আ খ ম হাসান, চাঁদনী প্রমুখ।