ঘটা করে জন্মদিন উদযাপনের বিপক্ষে লতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লতা মুঙ্গেশকর
লতা মুঙ্গেশকর

ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী লতা মুঙ্গেশকরের ৮৪তম জন্মদিন আজ ২৮ সেপ্টেম্বর। তবে ঘটা করে জন্মদিন উদযাপনের বিপক্ষেই নিজের মতামত তুলে ধরেছেন ‘নাইটিংগেল অব ইন্ডিয়া’খ্যাত বর্ষীয়ান এ সংগীতশিল্পী।

৮৪তম জন্মদিন উপলক্ষে গতকাল শুক্রবার লতার একটি সাক্ষাত্কার নেন জিনিউজের সম্পাদক সুধীর চৌধুরী। তাঁর সঙ্গে আলাপচারিতার সময় লতা বলেন, ‘বরাবরই ঘটা করে জন্মদিন উদযাপন আমার পছন্দ নয়। জীবনের বিশেষ এ দিনটিতে ঘরে থাকতেই ভালো লাগে আমার। প্রায় সব জন্মদিনই আমি ঘরোয়াভাবে পালন করেছি। এই দিনটিতে আত্মীয়স্বজনের সঙ্গে তাঁদের বাড়িতে কিংবা আমার বাড়িতে সুন্দর কিছু মুহূর্ত কাটানোর চেষ্টা করি।’

জন্মদিনে কী উপহার পেতে ভালো লাগে, জানতে চাইলে লতা বলেন, ‘জন্মদিনের উপহার হিসেবে আমি কিছু চাই না। ঈশ্বর আমায় অনেক কিছু দিয়েছেন। ভক্তদের ভালোবাসায় সিক্ত হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। তাঁরা আমার গান পছন্দ করেছেন—এটাই আমার পরম পাওয়া। তাঁদের ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া আর কিছুই চাই না আমি।’

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশে একটি মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন লতা। তাঁর বাবা সংগীতশিল্পী ও মঞ্চ অভিনেতা পণ্ডিত দীননাথ মুঙ্গেশকর। লতার ভাই-বোনদের মধ্যে আশা ভোঁসলে, হূদয়নাথ, ঊষা ও মিনা মুঙ্গেশকরও সংগীত জগতের সঙ্গে সম্পৃক্ত।

১৯৪২ সালে প্লেব্যাক শিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলেন লতা। দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন গুণী এ শিল্পী। হাজার খানেক বলিউডের ছবির গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি আঞ্চলিক অনেক ভাষায়ও গান গেয়েছেন তিনি। নূতন, মিনা কুমারী থেকে শুরু করে মাধুরী দীক্ষিত এবং হালের কারিনা কাপুর খানও ঠোঁট মিলিয়েছেন লতার গানে।

কাজের স্বীকৃতি হিসেবে পদ্মভূষণ (১৯৬৯), দাদা সাহেব ফালকে (১৯৮৯), পদ্ম বিভূষণ (১৯৯৯), ভারতরত্ন (২০০১) খেতাব পেয়েছেন লতা মুঙ্গেশকর। তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি আরও অনেক পুরস্কার ও সম্মাননা রয়েছে তাঁর ঝুলিতে।