ঘর থেকে বেরিয়েছে শিল্পাচার্যের পুতুলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিনে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন তাঁর স্ত্রী জাহানারা আবেদিন ও অন্যরা l ছবি: প্রথম আলো
শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিনে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন তাঁর স্ত্রী জাহানারা আবেদিন ও অন্যরা l ছবি: প্রথম আলো

আলমারির ওপরে আর ঘরের বিভিন্ন জায়গায় পড়ে ছিল পুতুলগুলো। শিল্পাচার্য জয়নুল আবেদিন লোকশিল্পের মূল্য জেনেই বহু বছর সেগুলো আগলে রেখেছিলেন। বহু বছর পর গতকাল তাঁর ঘর থেকে বাইরে এসেছে পুতুলগুলো।
গতকাল মঙ্গলবার সকালে চারুকলার জয়নুল গ্যালারিতে দেখা মিলল জয়নুলের সেই পুতুলগুলোর। শিল্পাচার্যের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো পুতুলগুলোকে জনসাধারণের প্রদর্শনীর জন্য বাইরে আনা হয়েছে। জয়নুল আবেদিনের সমাধিতে ফুল দিয়ে শুরু হয় ‘জয়নুল উৎসব ২০১৫’-এর আনুষ্ঠানিকতা। আয়োজক তাঁরই হাতে প্রতিষ্ঠিত ঢাকা আর্ট কলেজ বা এখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।
শীত শীত সকালের বকুলতলার উদ্বোধনী সংগীত ‘এ দিন আজি কোন্ ঘরে গো খুলে দিল দ্বার?’ ও ‘আজি শুভদিনে পিতার ভবনে’ এবং ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গেয়ে শুরু হয় অনুষ্ঠান। স্বাগত ভাষণ দেন চারুকলার ডিন অধ্যাপক নিসার হোসেন।
এ বছর জয়নুল-সম্মাননা দেওয়া হয় চারুকলার শিল্পকলার ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক আবদুল মতিন সরকার ও অধ্যাপক বুলবন ওসমানকে। সম্মাননা তুলে দেন জয়নুল আবেদিনের সহধর্মিণী জাহানারা আবেদিন। পুতুল প্রদর্শনী উদ্বোধনের সময় তিনি বলেন, ‘মঈনুলের চেষ্টায় পুতুলগুলো অন্ধকার ঘর থেকে বেরিয়েছে দেখে আমি খুশি হয়েছি।’ শিল্পাচার্যের সন্তান স্থপতি মঈনুল আবেদিন প্রথম আলোকে বলেন, ‘প্রায় ১ হাজার ২০০ পুতুল ছিল। ১৯৫০ সাল থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে। এগুলোর ভেতরে ছিল কিছু বিদেশি পুতুলও। বাবা কাঁথা সংগ্রহ করতেন; সেগুলো নিয়ে জাপানে প্রদর্শনী হয়েছে।’
উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ‘দেশের শিল্প অভিজ্ঞতা ধারণ করলেই বিদেশি শিল্প আমাদের সমৃদ্ধ করবে। জয়নুল সব সময় সত্য ও সুন্দরের কথা বলেছেন। সত্য ও সুন্দরের উপাসনাই মানুষের কাজ।’
চারুকলার বিকাশে অবদানের জন্য বরিশালের সুশান্ত ঘোষকে বিশেষ সম্মাননা দেয় জয়নুল আবেদিন পরিবার। অনুষ্ঠানে ‘জয়নুল আবেদিন জন্মশতবর্ষ উপলক্ষে বার্ষিক শিল্পকলা প্রদর্শনী ২০১৪’ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। একই সঙ্গে চারুকলার ৫০ বছর পূর্তি উপলক্ষে জয়নুল মেলায় রয়েছে শিক্ষক-শিক্ষার্থীদের তৈরি ৫০টি ভাস্কর্য, ৫০টি চিত্রকর্ম। মেলায় অংশ নিয়েছে অনুষদের ৮টি বিভাগ ও সারা দেশ থেকে আসা ১৭টি স্টল। পুতুল প্রদর্শনী চলবে আট দিন এবং মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা।
শিল্পকলার আয়োজন: শিল্পাচার্যের জন্মবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে গতকাল ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আয়োজনে ছিল বছরব্যাপী শিশু চিত্রাঙ্কন কর্মশালায় অংশগ্রহণকারী শিশুশিল্পীদের সনদ বিতরণ এবং শিশুদের আঁকা চিত্রকর্মের প্রদর্শনী।
বিকেলে জাতীয় চিত্রশালা মিলনায়তনে মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পাচার্যের পুত্র মঈনুল আবেদিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক। স্বাগত বক্তব্য দেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক উৎপল কুমার দাস। আলোচনা ও সনদ বিতরণ শেষে শিশুদের পরিবেশনায় সমবেত নৃত্য পরিবেশিত হয়।
গতকাল শুরু হওয়া প্রদর্শনী একাডেমির জাতীয় চিত্রশালার ৬ নম্বর গ্যালারিতে প্রতিদিন চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।