ঘর বাঁধলেন জয়িতা-শাহীন

পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ে। গতকাল শুক্রবার ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে রবীন্দ্রসংগীতশিল্পী ফারহিন খান জয়িতা ও অভিনেতা-নির্দেশক মুস্তাফিজ শাহীনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার আগে অনুষ্ঠিত হয় জয়িতা ও শাহীনের গায়েহলুদের অনুষ্ঠান।
বিয়ের অনুভূতি প্রকাশ করতে যেয়ে আজ শনিবার সকালে প্রথম আলোকে জয়িতা বলেন, ‘আমাদের পরিচয় ১৩ বছরের। বাবার নাটকের দলে কাজ করার সুবাদে শাহীনের সঙ্গে পরিচয়। পাঁচ বছর আগে বুঝতে পারি, আমরা একে অপরকে ভালোবাসি। এরপর ২০১৪ সালের থার্টি ফাস্ট নাইটে সিদ্ধান্ত নিই বিয়ে করার। তারপর পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করে বাকি আনুষ্ঠানিকতা সেরে নিই। দীর্ঘদিনের বন্ধু ও ভালোবাসার মানুষকে বাকি জীবনের সহযাত্রী হিসেবে পাওয়ার মধ্যে অন্যরকম আনন্দ কাজ করছে। সত্যিই অনেক বেশি নির্ভরতার মধ্যে আছি। স্বস্তি পাচ্ছি।’

মধুচন্দ্রিমার প্রসঙ্গ উঠতেই জয়িতা বলেন, ‘আমার মায়ের শরীরটা একটু খারাপ। এখন তাঁর চিকিৎসাটা করতে হবে। এরপরই আমরা দেশের বাইরে কোথাও যাওয়ার কথা ভেবেছি। সবাই আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি এক ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে জয়িতা ও শাহীনের বাগদান হয়। প্রয়াত অভিনেতা খালেদ খান ও রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক দম্পতির মেয়ে জয়িতা। গানের মানুষ জয়িতার ‘শুধু রবীন্দ্রনাথ’, ‘বাঁধন ছেঁড়ার গান’, ও ‘দুঃখজাগানিয়া’ নামে তিনটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। অন্যদিকে শাহীন একজন মঞ্চকর্মী। থিয়েটার ইউল্যাবের প্রযোজনা ‘ডাকঘর’ ও ‘দর্পণ’ নির্দেশনা দিয়েছেন তিনি। অভিনয় করছেন নাটক ও চলচ্চিত্রে। নিয়মিত নাটক লেখার কাজও করেন তিনি।