ঘর ভেঙেছে আরনল্ড শোয়ার্জনেগারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডে পেশিবহুল দেহের অধিকারী অ্যাকশন হিরো ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আরনল্ড শোয়ার্জনেগারের সঙ্গে স্ত্রী মারিয়া শ্রিভারের ছাড়াছাড়ি হয়ে গেছে। গতকাল সোমবার এক অনুষ্ঠানে তাঁরা জানান, এখন থেকে তাঁরা আলাদাভাবে থাকবেন। এরই মাধ্যমে আরনল্ড ও মারিয়ার ২৫ বছরের দাম্পত্য জীবনের অবসান হলো।কী কারণে আলাদা থাকার সিদ্ধান্ত নিলেন তাঁর কিছুই জানাননি। এটাকে তাঁরা দুজনের একান্ত ব্যক্তিগত বিষয় মনে করছেন। তাঁরা বলেন, ‘অনেক ভেবেচিন্তে, আলাপ-আলোচনা ও সমঝোতার পরিপ্রেক্ষিতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’ তবে দুজনের ছাড়াছাড়ি হলেও চার সন্তান থাকছে তাঁদেরই তত্ত্বাবধানে। কারণ হিসেবে তারা বলেন, ‘সন্তানেরাই হচ্ছে আমাদের প্রাণশক্তি। ওরাই আমাদের বেঁচে থাকার প্রেরণা।’ আরনল্ড এ বছরের জানুয়ারি মাসে ক্যালিফোর্নিয়ার সাত বছরের গভর্নরের দ্বিতীয়বারের মেয়াদ শেষ করেন। ফেব্রুয়ারি মাসে তিনি নতুন করে ছবিতে কাজ করার ঘোষণা দিয়েছিলেন। এমনকি সম্প্রতি টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের ঘোষণা দেন এ অভিনেতা। এ ছাড়া গভর্নর নামের একটি কমিক বই লেখার কাজও শুরু করবেন আরনল্ড। আরনল্ডের স্ত্রী সাবেক টিভি সাংবাদিক মারিয়া শ্রিভার বর্তমানে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। উল্লেখ্য, আরনল্ড ও মারিয়া ১৯৮৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।