ঘর সাজাচ্ছেন রণবীর-ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর-ক্যাটরিনা
রণবীর-ক্যাটরিনা

মুম্বাইয়ের কার্টার রোডে নতুন বাড়িতে ওঠার প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলিউডের বহুল আলোচিত তারকা যুগল রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। বর্তমানে ঘর সাজানোর কাজে ব্যস্ত সময় পার করছেন ‘আজব প্রেম কি গজব কাহানি’ তারকা ক্যাটরিনা ও রণবীর।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বান্দ্রায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্যাটরিনাকে নিয়ে উঠতে চেয়েছিলেন রণবীর। একই অ্যাপার্টমেন্ট ভবনে থাকেন ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিন। কিন্তু পরে পরিকল্পনা বাতিল করে কার্টার রোডের একটি ফ্ল্যাটে ওঠার সিদ্ধান্ত নেয় এ জুটি। এর মধ্য দিয়ে আজহারউদ্দিনের পরিবর্তে ‘মিস্টার পারফেকশনিস্ট’ তারকা আমির খানের প্রতিবেশী হতে চলেছেন রণবীর-ক্যাটরিনা।
রণবীর-ক্যাটরিনা নতুন যে ফ্ল্যাটে উঠতে যাচ্ছেন, সেখানে একটা সময়ে থাকতেন বলিউডের প্রখ্যাত নির্মাতা সুভাষ ঘাই। নিজের বাড়ির সংস্কারকাজ চলার সময় ওই ফ্ল্যাটে উঠেছিলেন ‘খলনায়ক’ ছবির নির্মাতা সুভাষ ঘাই।
চমত্কার ফ্ল্যাটটি থেকে সাগর দেখারও সুযোগ পাবেন রণবীর-ক্যাটরিনা। এরই মধ্যে তাঁরা নতুন ঘর সাজানোর কাজ শুরু করেছেন। বর্তমানে স্থপতি আশিস শাহের তত্ত্বাবধানে বাড়িটির অন্দরসজ্জার কাজ চলছে। বাড়িটিতে রাখার জন্য ইতালি, বালি, দুবাই এবং দক্ষিণ আফ্রিকা থেকে আসবাব কেনা হয়েছে। বাড়িটির ভেতরে ঢুকলে সবাই যেন ইউরোপীয় ছোঁয়া পান, সেই চেষ্টাই করছেন রণবীর-ক্যাটরিনা।
কয়েক মাস ধরেই একসঙ্গে বসবাসের জন্য নতুন বাড়ি খুঁজছিলেন রণবীর-ক্যাটরিনা। অবশেষে পছন্দমতো বাড়ি খুঁজে পান তাঁরা। ‘জগ্গা জাসুস’ ছবির শুটিং শেষ করে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরার পর নতুন বাড়িতে ওঠার প্রস্তুতি শুরু করেন তাঁরা।
এর আগে দক্ষিণ আফ্রিকায় ‘জগ্গা জাসুস’ ছবির শুটিং চলাকালে সময় পেলেই কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়তে দেখা গেছে রণবীর-ক্যাটরিনাকে। সেখানে প্রচুর কেনাকাটা করেন তাঁরা। হেঁশেলে ব্যবহার করা হয় এমন অনেক কিছুও কেনেন ক্যাটরিনা। অনেকগুলো ব্যাগ ভরা জিনিস নিয়ে দেশে ফেরেন রণবীর-ক্যাটরিনা। নতুন বাড়ির জন্যই দক্ষিণ আফ্রিকা থেকে জিনিসগুলো কেনেন তাঁরা।
প্রসঙ্গত, মুম্বাইয়ের পালি হিল এলাকায় অবস্থিত কৃষ্ণরাজ বাংলো বাড়িতে মা-বাবার সঙ্গে থাকেন রণবীর। প্রেমিকের সঙ্গে সময় কাটাতে প্রায়ই ওই বাড়িতে যান ক্যাটরিনা। ক্যাটের এই ঘন ঘন যাতায়াতের বিষয়টিকে একদমই সমর্থন করেন না রণবীরের বাবা ঋষি কাপুর। মূলত এ কারণেই ক্যাটকে নিয়ে নতুন বাড়িতে ওঠার সিদ্ধান্ত নেন রণবীর।