ঘরে ছয়, আরও দুই সন্তান চান পিট-জোলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট
অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির ছয় সন্তানের পরিবারে যুক্ত হতে যাচ্ছে আরও দুই নতুন সদস্য। শিগগির জর্ডান থেকে একটি মেয়েকে দত্তক নিতে যাচ্ছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জোলি। আরেকটি সন্তান নেওয়ার জন্য গর্ভধারণের পরিকল্পনাও রয়েছে তাঁর।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে যুক্তরাজ্যের ‘দ্য সান’ পত্রিকা জানিয়েছে, পিট-জোলির মতে, ঘরে তো ছয় সন্তান আছেই। সেখানে আরও দু-চারজন যুক্ত হলে কী আর এমন হবে! এ জন্যই পরিবারের সদস্যসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
সিরিয়ার চলমান সহিংসতা নিয়ে খুবই উদ্বিগ্ন জোলি। দেশটির বহু শরণার্থী প্রতিবেশী দেশ জর্ডানে আশ্রয় নিয়েছে। সম্প্রতি জর্ডান সফরে গিয়েছিলেন জাতিসংঘের শরণার্থী সংস্থার বিশেষ শুভেচ্ছাদূত অ্যাঞ্জেলিনা জোলি। সেখানকার পরিস্থিতি দেখে এসে যুদ্ধক্ষেত্রে নির্যাতনের শিকার হওয়া নারীদের দুর্দশার কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যদি সবকিছুর আগে ধর্ষণ ও যৌন নির্যাতনের বিরুদ্ধে লড়াই শুরু করে, তাহলে এ অবস্থা থেকে পরিত্রাণ মিলবে। আর তা না নিলে এমন অমানবিকতা চলতেই থাকবে।’
জর্ডান থেকে একটি মেয়ে দত্তক নেওয়ার পরিকল্পনা করেছেন জোলি। সিরিয়ার চলমান সহিংসতা সম্পর্কে সবাইকে সচেতন করতেই তাঁর এ উদ্যোগ। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, জোলি মনে করছেন, তাঁর এ উদ্যোগের ফলে যে প্রচারণা হবে, তা সিরিয়ার ভয়াবহতা সম্পর্কে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণে কিছুটা হলেও সাহায্য করবে। জোলির বন্ধু জর্ডানের রানি রানিয়া আবদুল্লাহ। রানিয়ার সহায়তায় শিগগির দেশটি থেকে সন্তান দত্তক নিতে পারবেন বলে আশা করছেন জোলি।


সূত্রটি আরও জানিয়েছে, গর্ভধারণের পরিকল্পনাও করছেন জোলি। আবার মা হওয়ার জন্য শরীর প্রস্তুত করছেন তিনি; স্বাস্থ্যসম্মত খাবারের পাশাপাশি পটাশিয়ামসমৃদ্ধ খাবার বেশি বেশি খাচ্ছেন।
এখন পর্যন্ত তিন সন্তানের জন্ম দিয়েছেন জোলি। তাঁর প্রথম মেয়ের নাম শিলোহ। পরে যমজ সন্তান নক্স ও ভিভিয়েনের জন্ম দেন তিনি। এ ছাড়া পিট-জোলির পালক তিন সন্তান হলো ম্যাডক্স, প্যাক্স ও জাহারা।