ঘরে ফিরলেন মনীষা
দিন কয়েক আগে যুক্তরাষ্ট্রে বসে মনীষা কৈরালা তাঁর ফেসবুক পাতায় লিখেছিলেন, ‘মুম্বাইয়ের চমত্কার বৃষ্টি দেখতে খুব ইচ্ছে করছে। বাসার টেরাসে ওঠার জন্য অপেক্ষা করছি অধীর আগ্রহে।’ অবশেষে মুম্বাইয়ের ভারসোভায় নিজের ঘরে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৪২ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।মুম্বাইয়ে নিজ বাড়িতে বরষা মৌসুমের ধারাস্নানে এবার নির্ভার হবেন মনীষা।মনীষার ফিরে আসার খবরের সত্যতা নিশ্চিত করেছেন তাঁর ব্যবস্থাপক সুব্রত ঘোষ। এ প্রসঙ্গে সুব্রত বলেন, ‘মুম্বাইয়ে নিজের বাসায় ফিরেছেন মনীষা। তিনি এখন সম্পূর্ণ সুস্থ।’ সুব্রত আরও বলেন, ‘আগামী আগস্টে তাঁকে আরেকবার যুক্তরাষ্ট্র যেতে হবে। সেখান থেকে ফেরার পর মুম্বাইতেই তাঁর নিয়মিত স্বাস্থ্য-পরীক্ষা করা হবে।’ এক খবরে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকম।‘আমার জীবনের বাকি অংশটাকে আমি জীবনের সেরা সময় বানাব। আমি এখন বাসায়। সবাইকে অনেক অনেক ভালোবাসা।’ ক্যানসারকে পরাস্ত করে যুক্তরাষ্ট্র থেকে সাত মাস পর সম্প্রতি মুম্বাই ফিরে ব্ল্যাকবেরি মেসেঞ্জারে এমন বার্তাই লিখেছেন বলিউডের অভিনেত্রী মনীষা কৈরালা।ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়ে উন্নত চিকিত্সা নিতে গত বছরের ডিসেম্বরে নিউইয়র্ক গিয়েছিলেন মনীষা। দীর্ঘমেয়াদি চিকিত্সা শেষে গত মে মাসে মনীষাকে ‘ক্যানসারমুক্ত’ ঘোষণা করেন চিকিত্সকেরা। দিন কয়েক আগে মনীষা তাঁর ফেসবুক পাতায় লিখেছিলেন, মুম্বাইয়ের চমত্কার বৃষ্টি দেখার আকাঙ্ক্ষার কথা। যত দ্রুত সম্ভব কাজে ফিরতে ব্যাকুল হয়ে আছেন মনীষা। এরই মধ্যে মালয়ালম একটি ছবির অসমাপ্ত কাজ শেষ করার জন্য শিডিউল দিয়েছেন নেপালের সম্ভ্রান্ত কৈরালা পরিবারের মেয়ে মনীষা। তিনি আগামী নভেম্বরে লেনিন রাজেন্দ্র পরিচালিত ‘ইডাভাপতি: নো ম্যান’স ল্যান্ড’ ছবিটির শুটিংয়ে অংশ নেবেন।