ঘরে ফেরার অপেক্ষায় সঞ্জয়
‘সরপে লাল টুপি রুশি, ফিরভি দিলমে হিন্দুস্তানি’ তেমনটাই হয়েছে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের। কয়েক মাসের জন্য মুলায়ম সিং যাদবের রাজনৈতিক দল সমাজবাদী পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়ে মাথায় লাল টুপি পরেছিলেন ঠিকই। কিন্তু তাঁর মনটা পড়ে ছিল প্রয়াত বাবা সুনীল দত্ত ও মা নার্গিসের দল কংগ্রেসের দিকেই। আজ মুম্বাইয়ে সে কথাই প্রকারান্তরে জানিয়ে দিলেন ৫০ পার হওয়া সঞ্জয় দত্ত। তাহলে কি বলিউডের মুন্নাভাই এবার পারিবারিক রাজনৈতিক দল কংগ্রেসে ফিরে আসতে চাইছেন? মুখ ফুটে কিছু না বললেও প্রকারান্তরে তা-ই বুঝিয়ে দিয়েছেন সঞ্জয় দত্ত। মুম্বাইয়ের একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে সঞ্জয় জানিয়েছেন, বাবা সুনীল দত্ত ও মা নার্গিস ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু ও ইন্দিরা গান্ধীর প্রিয় পাত্র। কাজেই কংগ্রেস তাঁর কাছে কখনই অচ্ছুত নয় এবং ছিল না। তাহলে মুলায়ম সিংয়ের সমাজবাদী পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ গ্রহণ করেছিলেন কেন? সঞ্জয় তাঁর উত্তরে বলেন, ‘পদ গ্রহণ করেছিলাম স্রেফ অমর সিংয়ের জন্য। অন্য কারও কথায় নয়।’