ঘরের মানুষ খুঁজছেন নার্গিস ফাখরি!
নিজেকে একাকী দাবি করে মন নয় ঘরের মানুষ খুঁজছেন বলেই জানিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি। নার্গিস ২০১১ সালে ‘রকস্টার’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। অভিনয়দক্ষতার চেয়ে প্রেমের গুজবের কারণেই বেশি আলোচিত ৩৩ বছর বয়সী এ তারকা। ‘রকস্টার’ ছবির সহ-অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে প্রেমের গুজবের পাশাপাশি বলিউডের অভিনেতা ও নির্মাতা উদয় চোপড়ার সঙ্গে তাঁর বিয়ের খবরও চাউর হয়েছে। তবে নার্গিস এসব গুজবে কান দিতে নারাজ। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে এক আলাপচারিতায় নার্গিস বলেন, ‘কাজের প্রচণ্ড ব্যস্ততার কারণে এই মুহূর্তে ভালোবাসার পেছনে সময় দেওয়ার ফুরসত আমার নেই। কাজের ফাঁকে নিজের জন্য পাওয়া সামান্য সময়টা একাকিত্ব উপভোগ করার চেষ্টা করি। কোনো সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর ইচ্ছে আমার নেই। কখনোই কোনো অভিনেতার সঙ্গে অভিসারে মেতে উঠতে চাই না আমি।’ নার্গিস আরও বলেন, ‘এখনো আমার জীবনে প্রেম আসেনি। তবে এমনটা হলে মন্দ হয় না। আমি ভালোবাসার সম্পর্কে জড়াতে চাই। আমি এমন কাউকে চাই, যাঁর সঙ্গে সকালে ঘুম থেকে উঠে নাশতা করতে পারব। আমি মনে করি, কোনো মানুষের সঙ্গে এক ছাদের নিচে বসবাস করলে অনেক কিছু শেখা যায়, নিজের সম্পর্কেও অনেক কিছু জানা যায়।’