ঘরের স্বপ্ন দেখছেন শন পেন-ম্যাডোনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাডোনা-শন পেন
ম্যাডোনা-শন পেন

তবে কি প্রেমিক ব্রাহিম জেইবাটকে ছেড়ে সাবেক স্বামী হলিউডের অভিনেতা শন পেনের কাছে ফিরছেন ‘পপ কুইন’ ম্যাডোনা! সম্প্রতি এক খবরে এমন চাঞ্চল্যকর তথ্যই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক। ম্যাডোনা ও শন পেন একসঙ্গে বড়দিন উদযাপনের পরিকল্পনা করছেন বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
ব্রাহিমের সঙ্গে বিচ্ছেদের পর সম্প্রতি একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিতে ৫৩ বছর বয়সী শন পেনের সঙ্গে হাইতি গিয়েছিলেন ম্যাডোনা। মূলত এরপর থেকেই তাঁদের পুনর্মিলনের খবর চাউর হয়েছে। গত মাসেও হাইতিতে সময় কাটিয়েছেন তাঁরা।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইদানীং ম্যাডোনা ও শন সার্বক্ষণিকভাবে একে অন্যের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁরা একসঙ্গে বসবাসেরও পরিকল্পনা করছেন। এবারের বড়দিন একসঙ্গে উদযাপনের সিদ্ধান্তও নিয়েছেন তাঁরা। এই জুটির কাছের বন্ধুরা মনে করছেন, আগামী বছরের মধ্যেই পুনরায় গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন ম্যাডোনা ও শন।
এদিকে জানা গেছে, এরই মধ্যে ২৫ বছর বয়সী ব্রাহিমের সঙ্গে তিন বছরের প্রেমের ইতি টেনেছেন ৫৫ বছর বয়সী ম্যাডোনা। অসম বয়সী এ জুটির পুনর্মিলনের কোনো সম্ভাবনা আর নেই। ম্যাডোনার উপলব্ধি, ব্রাহিম তাঁকে ব্যবহার করছিলেন। মূলত এ কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন মার্কিন এ গায়িকা।
ব্রাহিমের সঙ্গে বিচ্ছেদের পেছনে আরেকটি কারণও জানা গেছে। নিউইয়র্কের কাবালাহ সেন্টারের নেতারা ম্যাডোনাকে ব্রাহিমের সঙ্গে সম্পর্কের ইতি টানার উপদেশ দিয়েছিলেন। তাঁদের মতে, একটা সময়ে ব্রাহিমের সঙ্গে ম্যাডোনার সম্পর্কের যোগ ঠিকঠাক ছিল। কিন্তু এখন আর তা নেই। ম্যাডোনার উচিত, ব্রাহিমের মতো তরুণকে বাদ দিয়ে বয়স্ক কাউকে সঙ্গী নির্বাচন করা।

এর আগে গত অক্টোবর মাসে লস অ্যাঞ্জেলেসে আয়োজিত একটি সংগীতানুষ্ঠানে ম্যাডোনার মঞ্চ পরিবেশনা দেখে মুগ্ধ হয়ে যান শন পেন। প্রকাশ্যেই সাবেক স্ত্রীর রূপের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। ম্যাডোনাও শনের উপস্থিতি উপভোগ করছিলেন। তাঁকে দেখে মনে হচ্ছিল, শনকে উত্সর্গ করেই মঞ্চে গান পরিবেশন করছিলেন তিনি।

প্রসঙ্গত, ১৯৮৫ সালে বিয়ে করেছিলেন ম্যাডোনা ও শন পেন। পরের বছরের জুনে প্রকাশিত হয় ম্যাডোনার তৃতীয় একক অ্যালবাম ‘ট্রু ব্লু’। অ্যালবামটি শন পেনকে উত্সর্গ করেছিলেন ম্যাডোনা। ১৯৮৬ সালে মুক্তি পায় এই জুটি অভিনীত ‘সাংহাই সারপ্রাইজ’ ছবিটি। ভালোবেসে বিয়ে করলেও, সুখের সংসার পাননি ম্যাডোনা। একটা পর্যায়ে তিনি শনের বিরুদ্ধে গৃহসন্ত্রাসের অভিযোগ তোলেন। অভিযোগ প্রমাণিতও হয়। ১৯৮৯ সালে বিচ্ছেদ চূড়ান্ত করেন ম্যাডোনা ও শন পেন।