ঘরে-বাইরে তাঁদের আনন্দময় পথচলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>আন্তর্জাতিক নারী দিবস আজ। ঘর সামলেও বিনোদন অঙ্গনে কাজ করে যাচ্ছেন যাঁরা, মিথিলা, আরমীন ও শিউলি তাঁদের অন্যতম। তাঁরা জানালেন নিজেদের আনন্দময় পথচলার গল্প। লিখেছেন মনজুর কাদের ও হাবিবুল্লাহ সিদ্দিক
মিথিলা, আরমীন মুসা, শিউলি ভট্টাচার্য্যী
মিথিলা, আরমীন মুসা, শিউলি ভট্টাচার্য্যী

আগে মেয়ে, পরে অফিস ও অন্যান্য
মিথিলা, কণ্ঠশিল্পী ও অভিনেত্রী
অগ্রাধিকারের ভিত্তিতে নিজের কাজগুলো গুছিয়ে রাখেন অভিনেত্রী মিথিলা। তাঁর প্রথম গুরুত্ব নিজের কন্যা, তারপরে অফিস। এরপরে অভিনয় ও গান। নিজের বর্তমান অবস্থান ও সাফল্য নিয়ে নারী দিবসে জানালেন সেসবের পেছনে কথা। পুরো পরিবার তাঁর অনুপ্রেরণা।
‘আমার মা একটি ইংরেজি মাধ্যমের স্কুলে শিক্ষকতা করেন। আমার কাজের সব অনুপ্রেরণা আমার মা-বাবা, বড় করে বললে পুরো পরিবার।’ অভিনেত্রী, সংগীতশিল্পীর পরে তিনি নাম লিখিয়েছেন চাকরিজীবীর খাতায়। কিছুদিন আগে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে শিশু বিকাশের ওপর স্নাতকোত্তর করেছেন। সেটাও মেয়ের জন্য। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছিলেন তিনি। ছেলেবেলা প্রসঙ্গে মিথিলা বললেন, ‘ছোটবেলায়, নাচ, গান ও থিয়েটার করেছি। সবার মতো আমার ওপর চাপ ছিল। যা কিছু করি না কেন, পড়াশোনাটা যেন ঠিকমতো করি।’
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন মিথিলা। ছুটির দিনগুলো তাঁর কাটে মেয়ের সঙ্গে, নয়তো শুটিংয়ে। কিন্তু এত কিছু একসঙ্গে কীভাবে করা যায়? মিথিলা বলেছেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে কাজ করি। হবে না কেন?’

দিন শেষে আমি গানটাকে ভালোবাসি
আরমীন মুসা, কণ্ঠশিল্পী
পরিবারের সবাই গানের মানুষ। তাঁরা চাইতেন আরমীন হবেন আইনজীবী বা শিক্ষক। কিন্তু দেহে যে বইছে শক্তিমান সংগীতজ্ঞদের রক্ত। গানটা ছেড়ে থাকা হলো না তাঁর। তবে ঘরে বসে থাকা নয়, ২০০৯ সালে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক শেষ করে ভেবেছেন গান নিয়ে পড়ার কথা। মা নজরুলসংগীতশিল্পী নাশিদ কামাল দিয়েছেন উৎসাহ ও পরামর্শ। মেয়েকে বললেন, ‘শান্তিনিকেতনে ভর্তি হয়ে যাও।’
লোকগানের বিখ্যাত শিল্পী আব্বাস উদ্দীনের বংশধর আরমীন মুসা। এই প্রজন্মের তরুণ সংগীতশিল্পীদের মধ্যে বেশ জনপ্রিয়। এক যুগ আগে ফুয়াদের সংগীতায়োজনে ‘ভ্রমর কইয়ো গিয়া’ গানটি শুধু শ্রোতাদেরই নয়, তাঁর নিজেরও ভীষণ পছন্দের। সংগীতে উচ্চশিক্ষা নিতে ২০১০ সালে পাড়ি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বার্কলে কলেজে। পড়েছেন চার বছর। এখন নিয়মিত গাইছেন। বললেন, ‘এখনো নিয়ম করে বই পড়ি। অর্থনীতি বিষয়ে কোনো নিবন্ধে চোখ পড়লেই পড়ে ফেলি। বছর দশেক দেশের বাইরে থাকার পর দেশে ফিরে যখন ভাবলাম গান করব, দেখলাম, এটা অন্য এক জগৎ। অনেক চড়াই-উতরাইয়ের ভেতর দিয়ে যেতে হয়। তবে দিন শেষে আমি গানটাকে ভালোবাসি। আপস করি না।’

নারী-পুরুষে ভেদ করতে অসুবিধা হয়
শিউলি ভট্টাচার্য্যী, বেহালাশিল্পী
শুরুতে লোকে চমকে যেত, একজন নারী বেহালা বাজাচ্ছেন! অথচ জলের গানে যোগ দেওয়ার পর থেকে দলটিতে যুক্ত হয়েছে সুরের নতুন মাত্রা। শুধু জলের গানই নয়, ২০১২ সালে গড়া নিজ দল ‘গান পাগল’–এর সঙ্গেও বাজান শিউলি ভট্টাচার্য্যী।
সিলেটের মেয়ে শিউলির সংগীতে হাতেখড়ি বাবার কাছে। ভারত সরকারের বৃত্তি নিয়ে ১৯৯৪ সালে শাস্ত্রীয় সংগীতে পড়তে চলে যান। ভর্তি হন গুজরাটের এমএস ইউনিভার্সিটি অব বারোডায়। শাস্ত্রীয় সংগীতে করেছেন স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি।
কেমন ছিল এতটা পথ? জানালেন, তেমন বাধা ছিল না। বরং ছিল পরিবারের সমর্থন। আর জলের গানের সবাই তো ছোটবেলার বন্ধু। তিনি বলেন, ‘নারী-পুরুষ ভেদ করতে আমার অসুবিধা হয়। সবাইকে মানুষ হিসেবে দেখতে চাই। চেষ্টা করলেই পারা যায়।’ শাস্ত্রীয় সংগীতের চর্চাটা বাংলাদেশে খুব কম। বিশেষ করে বেহালায়। শুধু একটি যন্ত্র হিসেবে বাজানো হয়। এককভাবে এর চর্চাকে এগিয়ে নিতে চাই।’