ঘরোয়াভাবে জাহিদ হাসানের জন্মদিন
গতকাল ৪ অক্টোবর একেবারেই ঘরোয়াভাবে জন্মদিন পালন করলেন বাংলাদেশি নাটকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। স্ত্রী মডেল ও নাট্যাভিনেতা সাদিয়া ইসলাম মৌ, মেয়ে পুষ্পিতা ও ছেলে পূর্ণ ছাড়াও জাহিদ হাসানের জন্মদিনের তাঁর ছোটবেলার বন্ধুবান্ধব, মিডিয়ার আপনজন ও খুব কাছের আত্মীস্বজন উপস্থিত ছিলেন।জাহিদ হাসান বলেন, ‘জন্মদিনের উত্সবটি সব সময়ই পরিবারের সদস্যদের সঙ্গে উদযাপনের চেষ্টা করি, বিশেষ করে স্ত্রী, মেয়ে ও ছেলের জন্য সময়টা বরাদ্দ থাকে। পরিচিতজন, শুভাকাঙ্ক্ষী, ভক্তদের শুভেচ্ছা ও খুদেবার্তা জন্মদিনের আয়োজনটাকে আর রঙিন করে দেয়। পাশাপাশি এই দিনে নিজের সামর্থ্য অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এবারের জন্মদিনটিও একেবারে অন্যরকমভাবে পালন করলাম।’জাহিদ হাসানের বাবা প্রয়াত ইলিয়াস উদ্দিন তালুকদার ও মা হামিদা বেগম। পাঁচ ভাই তিন বোনের মধ্যে জাহিদ হাসান সবার ছোট। সিরাজগঞ্জে থাকাকালেই তিনি মঞ্চনাটকের সঙ্গে জড়িত ছিলেন। নাট্যদল তরুণ সম্প্রদায়ের হয়ে তিনি অভিনয় করতেন। ছোটপর্দায় অভিনয়ের আগেই বড় পর্দায় অভিষেক ঘটে জাহিদ হাসানের। তাঁর প্রথম চলচ্চিত্র বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ প্রযোজনার ‘বলবান’। ১৯৮৮ সালে মুক্তি পায়। বেশ কয়েক বছর বিরতির পর ‘জীবন সঙ্গী’ ছবিতে অভিনয় করেন জাহিদ। তাঁর আরও কয়েকটি উল্লেখযোগ্য ছবি হচ্ছে: ‘বিহঙ্গ’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘শঙ্খনদ’, ‘ঝন্টু মন্টু দুই ভাই’, ‘আমার আছে জল’।জাহিদ হাসান অভিনীত প্রথম টিভি নাটক ‘জীবন যেমন’। এটি ১৯৯০ সালে বিটিভিতে প্রচারিত হয়। এ পর্যন্ত ধারাবাহিক ও খণ্ড নাটক মিলিয়ে তিনি হাজারেরও বেশি নাটকে অভিনয় করেছেন।১৯৯৯ সালে নিজের প্রযোজনা সংস্থা ‘পুষ্পিতা ভিজ্যুয়ালস’ থেকে ‘অন্য তেপান্তর’ দিয়ে নাটক পরিচালনায় আসেন জাহিদ। এ পর্যন্ত নিজের প্রযোজনা সংস্থা থেকে প্রায় ২০টি ধারাবাহিক ও খণ্ড নাটক নির্মাণ করেছেন তিনি।