ঘাটু গানের আঙ্গিকে বুনন থিয়েটার প্রযোজনা করেছে নাটক নকশী কাঁথার মাঠ। গতকাল সোমবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে নাটকটির কারিগরি প্রদর্শনী হয়। কবি জসীমউদ্দীন রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন আনন জামান।
গতকালের প্রদর্শনীতে দর্শক ছিলেন রানা প্লাজায় দুর্ঘটনায় অনাথ শিশু ও তাদের অভিভাবকেরা। নাটকটি শুরু হয় বৃষ্টির জন্য জারি আর মাঙনের গীত গেয়ে শিরনির রসদ সংগ্রহের মধ্য দিয়ে। এতে মনবিনিময় হয় সাজু ও রুপাইয়ের। তারা বিয়েবন্ধনে আবদ্ধ হয়। কিছুদিন পর চর দখলকে কেন্দ্র করে খুনের ঘটনায় রুপাই ফেরার হয়। শুরু হয় সাজুর দুঃখময় বিরহী জীবন। সাজু তার নকশিকাঁথার নানা বরনের সুতায় এঁকে রাখে বুকে জমা সব ব্যথা। রুপাই তো আসে না কিছুতেই। বিরহ শোকে মৃত্যু হয় সাজুর।
বেশ কিছুকাল পর দেখা যায় সাজুর কবরের পাশে পড়ে আছে প্রাণহীন রুপাই। তার বুকে জড়ানো সেই নকশিকাঁথা।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমৃতাভ মিহির, শুভনন্দ করিম, তুষার কান্তি দে, দিদারুল দীপু, শাহ তুষার, আবু হোসেন, আসিফ খান, মৌসুমি আক্তার, আশেকা আক্তার, বুলবুল আহমেদ,শম্পা রাজবংশী প্রমুখ।
ভাওয়াইয়া গানের বৈঠকি আসর
সোমবার বৈশাখী সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘ভাওয়াইয়া’ গানের দলের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বরাইর গছত যেমন আলোকরে লতা’ শীর্ষক এই ভাওয়াইয়া গানের বৈঠকি আসর। একই সঙ্গে অনুষ্ঠানে ভাওয়াইয়া স্কুলের এক বছর মেয়াদি সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় ব্যাচের ১৫ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভাওয়াইয়া গানের দলের পরিচালক শিল্পী সফিউল আলম।
আলোচনা শেষে গানের আসরে সম্মিলিত কণ্ঠে ‘বৈশাখ আইলোরে’, ‘আইজ দেওয়ায় দারুণ ম্যাঘ’ এবং ‘ও সোনা বন্ধুধন’ পরিবেশন করে ভাওয়াইয়া স্কুলের শিক্ষার্থীরা। একক কণ্ঠে গান শোনান আতাউর রহমান, রাকিব হাসান, জাকির হোসেন, জান্নাতুল ফেরদৌস, সেলিনা আক্তার, শাহিনা আক্তার, সঞ্চিতা বর্মণ ও নূরজাহান ভূঁইয়া। এ ছাড়া অনুষ্ঠানে নীলফামারীর প্রতিবন্ধী ভাওয়াইয়া শিল্পী আমিনুর রহমান এবং উলিপুরের আমিনুল ইসলাম ভাওয়াইয়া পরিবেশন করেন। শেষে সফিউল আলমের গানের সঙ্গে নৃত্য করে কবিরুল ইসলামের দল।
শিল্পকর্ম প্রদর্শনী
কাঠখোদাই, সেরিগ্রাফ, বাটিক, অ্যাপ্লিক, ধাতব, বুননসহ হরেক মাধ্যমের কাজ নিয়ে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-১-এ চলছে নবীন শিল্পী জাকিয়া আহমেদের প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনী। ‘নেচার এন ক্রাফট’ নামের এ প্রদর্শনী শুরু হয়েছে ৩০ এপ্রিল, চলবে ৯ মে পর্যন্ত। শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এমএফএ প্রথম পর্বে অধ্যয়ন করছেন। প্রকৃতি ও দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন অনুষঙ্গ তিনি ফুটিয়ে তুলেছেন তাঁর কাজে।
নজরুল জন্মবার্ষিকীতে তিন দিনের অনুষ্ঠানমালা
আগামী ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে তিন দিনের অনুষ্ঠানমালা আয়োজন করেছে নজরুল একাডেমী। এ আয়োজনে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক এম এ মান্নানকে নজরুল একাডেমী পদক প্রদান করা হবে। শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে হবে তিন দিনের এ আয়োজন।
গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে একাডেমী আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন একাডেমীর সাধারণ সম্পাদক মিন্টু রহমান, প্রচার সম্পাদক রেজা মতিন, নির্বাহী সদস্য কবির নাতনি খিলখিল কাজী, সহসভাপতি সৈয়দ আকতার ইউসুফ প্রমুখ।