ঘাসফুল থেকে ভ্রমর

ঘাসফুল ছবিতে শায়লা সাবি অভিনয় করেছেন ‘ঘাসফুল’ নামের একটি মেয়ের চরিত্রে। পরিচালক ছিলেন আকরাম খান। এবার তিনি ডাকাতের প্রেমিকা। ছবির নাম ভ্রমর। তাঁর এই ছবির পরিচালক সোহেল আরমান। ঘাসফুল ছবিতে শায়লার নায়ক ছিলেন আসিফ। আর এবার আরিফিন শুভ। ছবিতে তিনিই ‘ভ্রমর ডাকাত’। সামনেই শুরু হবে এই ছবির শুটিং। ঘাসফুল ছবিতে শায়লার সাবির অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। এরপর চিত্রটা দ্রুতই পাল্টে যায়। নাটক আর চলচ্চিত্র নিয়ে আরও ব্যস্ত হয়ে পড়েন।
৩ আগস্ট দুপুরে প্রথম আলো কার্যালয়ে এলেন শায়লা সাবি। কথা হলো তাঁর সঙ্গে। এসেই জানালেন, এখন সাইমন তারেকের ক্রাইমরোড ছবির শুটিং করছেন।
শুরুতেই শায়লা সাবির শুরুর গল্প। ২০১২ সালে ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ প্রতিযোগিতায় শীর্ষ পাঁচে ছিলেন। তখন প্রতিযোগিতা চলছে। অন্যতম বিচারক ফেরদৌস। তিনি শায়লার কাছে জানতে চান, ‘তুমি চলচ্চিত্রে অভিনয় করবে?’ সেদিন ক্যামেরার সামনে হাসতে হাসতে শায়লা বলেছিলেন, ‘আপনি যদি আমার নায়ক হন, তাহলে অভিনয় করব।’
কাকতালীয়ভাবে একদিন তা-ই সত্যি হলো। ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ প্রতিযোগিতা শেষ হওয়ার পর ইমপ্রেস থেকে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় শায়লাকে। এরপর কী হলো? আসুন, তা শোনা যাক শায়লার কাছ থেকেই। ‘এরপর আমি চ্যানেল আই কার্যালয়ে চলে যাই। গিয়ে দেখি সেখানে ফেরদৌস ভাই। শুনলাম, আমার নায়ক তিনি। কাজটি আর হাতছাড়া করিনি। গিতালী হাসানের পরিচালনায় প্রিয়া তুমি সুখী হও। ওটাই ছিল আমার প্রথম ছবি। এই ছবিতে কাজ করে সেভাবে সাড়া পাইনি। তবে ঘাসফুল ছবিতে অভিনয় করে কিছুটা হলেও দর্শকের কাছে যেতে পেরেছি।’ বললেন শায়লা।
নাচের মেয়ে শায়লা সাবি এলেন নাটকে। কীভাবে? শায়লা বলেন, ‘চ্যানেল আই সেরা নাচিয়ে প্রতিযোগিতার পর ওই বছরই চ্যানেল আই কর্তৃপক্ষ আমাকে অভিনয়ের সুযোগ করে দেয়। আমি প্রথম অভিনয় করেছি ওয়াহিদ আনামের পরিচালনায় তোমারই আছি নাটকে। এরপর থট রিডার, পুষ্পসহ আরও কয়েকটি নাটকে অভিনয় করেছি।’
শায়লা জানান, গত আড়াই বছরে ধারাবাহিক নাটক, টেলিছবি আর এক ঘণ্টার নাটক মিলে প্রায় অর্ধশত কাজ করেছেন তিনি। সম্প্রতি শেষ করেছেন হেঁচকি, আঁধার গাঁও, দেবদূত, পরী, হয়তো ভালোবাসা নয়তো প্রেম নামে পাঁচটি এক ঘণ্টার নাটক। তুই কে আমার ও ঢাকা ওয়াইভস নামে দুটি ধারাবাহিকের শুটিং চলছে।
নাচের এই মেয়েটি এখন চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন। বললেন, ‘দর্শকের ভালোবাসা পেলে চলচ্চিত্র নিয়েই থাকব।’
এদিকে নাটক আর চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করছেন শায়লা। চারটি পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। বললেন, ‘নিয়মিত না। অভিনয়ের ফাঁকে সময় পেলে এ কাজ করি।’
এক ভাই আর এক বোনের সংসারে সবার ছোট শায়লা তিতুমীর কলেজে ইংরাজি সাহিত্যে দ্বিতীয় বর্ষে পড়ছেন।
অভিনয় কিংবা মডেল হওয়ার কোনো স্বপ্নই ছিল না শায়লার। ছোটবেলা থেকে নৃত্যশিল্পী হিসেবে নিজেকে গড়ে তোলার স্বপ্ন দেখতেন। চার বছর বয়স থেকে নাচ শিখছেন। ২০০৪ সালে কত্থক নাচে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় পেয়েছেন স্বর্ণপদক। কিন্তু ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ প্রতিযোগিতা তাঁর সব পরিকল্পনা পাল্টে দেয়।
শায়লা বলেন, ‘এখন তো অভিনয় নিয়েই ব্যস্ত। তবে নৃত্যশিল্পী হওয়ার স্বপ্নটা কিন্তু রয়ে গেছে।’