ঘাসফুল দিল সম্মাননা
গতকাল সন্ধ্যায় কবি সৈয়দ শামসুল হক ও হায়াৎ মামুদকে সম্মাননা দিয়েছে গণমাধ্যম সংস্থা ‘ঘাসফুল’। জাতীয় প্রেসক্লাবে এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানের সূচনা করা হয় কেক কেটে। এরপর কবি সৈয়দ শামসুল হক ও হায়াৎ মামুদের হাতে সেগুন কাঠের ক্রেস্ট তুলে দেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও ঘাসফুলের পরিচালক রাবেয়া সুলতানা।
দুই বিশিষ্ট ব্যক্তিকে কাশ্মীরি শাল পরিয়ে দেন ঘাসফুলের উপদেষ্টা আতা সরকার। আর নগদ অর্থ তুলে দেন ঘাসফুলের চেয়ারম্যান রওনক সুলতানা।
অনুষ্ঠানে সভাপতির ভাষণে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘ঘাসফুল কবিদের সম্মাননা জানাচ্ছে, এটা একটা উপযুক্ত কাজ।’
প্রতিভাষণে হায়াৎ মামুদ বলেন, দেশের সাধারণ জনগোষ্ঠী যখন কবিদের শ্রদ্ধা করে, তখনই একজন কবি বা লেখকের মর্যাদা পূর্ণতা পায়।
এরপর কবি সৈয়দ শামসুল হক মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির প্রতিবাদে লেখকদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।