ঘাসফুল ফোটার অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘাসফুল চলচ্চিত্রের দৃশ্য
ঘাসফুল চলচ্চিত্রের দৃশ্য

১৫ বছর ধরে সিনেমা তৈরির স্বপ্ন বুনছিলেন পরিচালক আকরাম খান। অবশেষে সেই স্বপ্ন বোনার শেষ ধাপে পৌঁছেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর প্রথম চলচ্চিত্র ঘাসফুল। এরই মধ্যে মিলেছে সেন্সর ছাড়পত্র। এখন মুক্তির দিন ঠিক হওয়া বাকি। কথা চলছে চলচ্চিত্র পরিবেশকদের সঙ্গে। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে বছরই ফুটবে ঘাসফুল।
ছবিতে দেখা যাবে এ সমাজের শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের রোজকার জীবনের গল্প। তবে বর্তমান প্রেক্ষাপটে তৈরি হলেও ছবির কিছু অংশ দর্শকদের স্মৃতিকাতর করে তুলবে বলে জানান নির্মাতা। কারণ ছবির কয়েকটি দৃশ্য দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে ১৯৯১ ও ৯৬-এর কিছু ঘটনায়। আকরাম খান বলেন, ‘নব্বই দশকের সেই দৃশ্যগুলো শুধু গল্পের দিক থেকেই পেছনে ফিরে যাবে না, কারিগরিভাবেও দৃশ্যধারণে ভিন্নতা আনা হয়েছে।’
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন শায়লা সাবি, আসিফ, নায়লা আজাদ নূপুর, তানিয়া ও মানস বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে। ঘাসফুল-এর চিত্রনাট্য রচনা করেছেন মশিউল আলম, আকরাম খান ও লায়লা আফরোজ।