ঘাসফুলনদীর ঋতুপিডিয়া
বাংলাদেশ বৈচিত্র্যময় ঋতুর দেশ। এ দেশের প্রকৃতিতে ছয়টি ঋতুর দেখা মেলে। এসব ঋতুর বিচিত্র সব তথ্য, তত্ত্ব, উপাত্ত, পরিসংখ্যান ও সাহিত্য চার খণ্ডের সংকলন ঋতুপিডিয়া। বেরিয়েছে প্রকাশনা সংস্থা ঘাসফুলনদী থেকে। সম্পাদনা করেছেন মুনীর মোরশেদ। গতকাল শনিবার বিকেলে ছিল এর প্রকাশনা উৎসব। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সভাপতিত্ব করেন নূহ-উল-আলম লেনিন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক দ্বিজেন শর্মা ও শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। ঋতুপিডিয়া নিয়ে আলোচনা করেন কবি ও সাংবাদিক আনিসুল হক এবং জুনায়েদ আহমদ হালিম। ধন্যবাদ জ্ঞাপন করেন তারিক আহমদ। আনিসুল হক বলেন, ঋতুপিডিয়া তথ্য-উপাত্তের দিক থেকে যেমন সমৃদ্ধ, তেমনি এর ছাপা এবং পৃষ্ঠাসজ্জাও সুন্দর। বইটি গবেষকদের কাজে লাগবে। বাংলাদেশের ঋতু নিয়ে তথ্যসমৃদ্ধ বইটি সব স্কুলের পাঠাগারে থাকা উচিত। এ ব্যাপারে তিনি শিক্ষাসচিবের দৃষ্টি আকর্ষণ করেন।জুনায়েদ আহমদ হালিম বলেন, তথ্যসমৃদ্ধ এই বইটি সবার সংগ্রহে থাকা উচিত। এমন একটি উদ্যোগের জন্য তিনি ঘাসফুলনদী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।