ঘুঙুর পায়েই চলে গেলেন...

বয়স ছিল মাত্র ৪৪। নাচ ছিল তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। গত শনিবারও পরম ভালোবাসার টানেই উঠেছিলেন মঞ্চে। পর পর তিনটি শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন মঞ্চে। কিন্তু চতুর্থ পরিবেশনাতে গিয়ে মঞ্চেই মূর্ছা যান তিনি। পায়ে ঘুঙুর পরা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঞ্চেই শেষ নিশ্বাস ত্যাগ করেন ভারতীয় নৃত্যশিল্পী অশ্বিনি একবোটে।
গত শনিবার ভারতের মহারাষ্ট্রের পুনে শহরের সদাশিব পীঠ এলাকার ভরতনাট্য মন্দিরে এ ঘটনাটি ঘটে। সেখানে চলছিল ‘নাট্য ত্রিভিধা’ নামের একটি অনুষ্ঠানের সমাপনী পরিবেশনা।
সেই পরিবেশনার শিল্পীই ছিলেন অশ্বিনি। সমাপনী পরিবেশনা হওয়ায় দর্শকসারিতে বসা ছিলেন অশ্বিনির কাছের বন্ধু, স্বজন। ছিলেন অশ্বিনির মা-বাবাও। শিল্পীর কাছের বন্ধু ও নাচের সঙ্গী শরদ পোঙ্কশেও দেখেছিলেন অশ্বিনির শেষ পরিবেশনা। শরদ সেই পরিবেশনাটি নিয়ে বলেন, ‘নিজের চোখের সামনে ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে বিশ্বাস করতে পারছি না। সেদিন তাঁর নাচ ছিল গত কয়েক বছরের মধ্যে তাঁর সেরা পরিবেশনা। সেদিন সকালে আমি এ অনুষ্ঠানে নাচ করি। ক্লান্ত ছিলাম। আমি অশ্বিনিকে বলেছিলাম যে, সন্ধ্যায় তাঁর নাচ দেখতে আসতে পারব না। কিন্তু সে আমাকে জোর করে নিয়ে এসেছিল অনুষ্ঠানে। হয়ত সে চেয়েছিল যে, তাঁর শেষ পরিবেশনার অংশ আমরা সবাই হই।’
অশ্বিনি একবোটে ভারতে শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবে বেশ পরিচিত ছিলেন। মঞ্চ ও টেলিভিশনে নিয়মিত নৃত্য পরিবেশন করতেন তিনি। তাঁর বন্ধু ও স্বজনেরা জানান, কখনোই অশ্বিনির কোনো হৃদরোগ ছিল না। তাই মঞ্চেই তাঁর অনাকাঙ্ক্ষিত মৃত্যু মেনে নিতে পারছে না তাঁর কাছের মানুষেরা। ইন্ডিয়ান এক্সপ্রেস।