ঘুচাও সকল বন্ধ হে
আজ আন্তর্জাতিক নৃত্য দিবস। ইতিমধ্যেই উত্সবকে সামনে রেখে ২৩ থেকে ২৯ এপ্রিল দেশব্যাপী শুরু হয়েছে নৃত্যানুষ্ঠান, মেলা, সেমিনার, বর্ণাঢ্য শোভাযাত্রা। নৃত্য দিবস উপলক্ষ ধরেই লিখেছেন নৃত্যশিল্পী ও সংগঠক শর্মিলা বন্দ্যোপাধ্যায়১৯৮২ সালের ২৯ এপ্রিল ইন্টারন্যাশনাল ড্যান্স কমিটির (আইটিআই) উদ্যোগে সর্বপ্রথম আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত হয়েছিল। ১৭২৭ সালে জন্মগ্রহণকারী মহান নৃত্য-সংস্কারক জাঁ জর্জেস নভেরার জন্মদিনকে স্মরণ করার জন্য দিনটি পালিত হয়। নভেরা নৃত্যকে তার ক্ষুদ্র গণ্ডি ও সংকীর্ণতা থেকে মুক্ত করে অপেরায় উন্নীত করেন। প্রতিবছর একজন গুণী নৃত্যব্যক্তিত্বের বাণী সারা বিশ্বে প্রচার করা হয়। আন্তর্জাতিক নৃত্য দিবস পালন এবং বাণী প্রচারের উদ্দেশ্য পৃথিবীর সব নৃত্যশিল্পী ও নৃত্যের সম্মিলন ঘটানো এবং এই আঙ্গিকটির আনন্দময় বিশ্বজনীনতা ঘোষণা করা। সকল প্রকার রাজনৈতিক, সাংস্কৃতিক ও জাতিগত বাধা অতিক্রম করে পৃথিবীর তাবত্ মানুষকে শান্তি ও বন্ধুত্বের বন্ধনে একত্র করা যায় শুধু একটি সর্বজনবোধ্য ভাষার মাধ্যমে, আর তা হলো নৃত্য।আজ ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে ১৯৬৭ সালের ৮ মার্চ জন্মগ্রহণকারী আর্জেন্টিনার সুখ্যাত ব্যালে নৃত্যশিল্পী জুলিও বোকা তাঁর বাণীতে বলেছেন, ‘নৃত্য হলো শৃঙ্খলা, কাজ, শিক্ষাদান ও যোগাযোগ। নৃত্যের মাধ্যমে যা সবার কাছে বোধগম্য নয় এমন শব্দগুলো পরিহার করে আমরা একটি বিশ্বজনীন ভাষা গড়ে তুলি, যা সবার কাছে পরিচিত। নৃত্য আমাদের আনন্দ দেয়, মুক্ত করে। মুক্তবিহঙ্গের মতো ওড়া এক অসম্ভবকেও সম্ভব করতে আমাদের উজ্জীবিত করে। নৃত্য আমাদের স্বর্গের কাছাকাছি এক অপার পবিত্র অনন্ত-অসীমে নিয়ে যায়। নৃত্য হলো এক মহিমান্বিত শিল্প; অনেকটা ভালোবাসার আনন্দের মতো প্রতিবারই ভিন্নরূপে দেখা দেয়—যা প্রত্যেক প্রদর্শন শেষে আমাদের হূদয়বীণার তন্ত্রীতে ঘা দিয়ে ছন্দে মন্দ্রিত করে এবং নতুন উপস্থাপনার প্রত্যাশা জাগিয়ে তোলে।’এখন বিশ্বায়নের যুগ। পৃথিবীর সব জাতিগোষ্ঠীর পরস্পরের নৃত্যধারার সঙ্গে পরিচয়, ভাবের আদান-প্রদানের মাধ্যমে নৃত্যচর্চার উন্নয়ন ও নৃত্যধারার উত্কর্ষ সাধন সম্ভব। এর মাধ্যমে মানবজাতির কল্যাণে নৃত্যশিল্পের ভূমিকা নিরূপণ ও বিশ্ব নৃত্যধারার গতিপ্রকৃতি সম্বন্ধেও ধারণা করা সম্ভব।বাংলাদেশের নৃত্যশিল্পীরা নিজেদের সীমানা পেরিয়ে বিশ্ব নৃত্যধারার যা কিছু সুন্দর, তাকে সাদরে বরণ করে নিয়ে নিজেদের সমৃদ্ধ করছেন। বাংলাদেশের বর্তমান প্রযোজনাগুলোতে নৃত্য পরিবেশনার ক্ষেত্রে লক্ষণীয় পরিবর্তন এসেছে। অন্যের ভালোকে গ্রহণ করে তাকে নিজের আলোকে প্রকাশ করাতেই শিল্পীর সার্থকতা। বাংলাদেশের নৃত্যশিল্পে যথেষ্ট প্রাণসঞ্চার ঘটেছে এবং অনেক মানসম্মত কাজ হচ্ছে। কিন্তু নৃত্যচর্চার ক্ষেত্রে মানসিকতার অবক্ষয় ঘটছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, নাচ শেখার পেছনে শিক্ষার্থী ও অভিভাবকের মূল উদ্দেশ্য থাকে টেলিভিশনে বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এবং রাতারাতি শিল্পী হওয়ার চেষ্টায় গুরুবদলের বিরূপ মানসিকতা। এই মানসিকতার কারণে শিল্পাঙ্গন থেকে নীতিবোধ বিসর্জিত হচ্ছে।আগে কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে তৈরি করতে হবে, নাচকে ভালোবাসতে হবে। নাচের ভেতর দিয়ে শিল্পীকে নতুন কিছু বলার চেষ্টা করতে হবে, তবেই পরিপূর্ণ শিল্পী হওয়া সম্ভব।রবীন্দ্রনাথ বলেছেন, ‘সব শিল্পমাধ্যমই মানবাত্মা আর পরমাত্মার মধ্যে যোগসূত্র স্থাপন করে। তাই নৃত্যশিল্পীর সর্বদা চেষ্টা থাকা উচিত নাচের ভেতর দিয়ে দর্শকশ্রোতার কাছে বিশ্বজগতের অন্তরতম সত্য পৌঁছে দেওয়া। এ উপলব্ধি আমাদের মধ্যে এলেই এই সুন্দর শিল্পমাধ্যম তার যথার্থ মর্যাদা পাবে।’বাংলাদেশে মহা আড়ম্বরে পালিত হচ্ছে বিশ্ব নৃত্য দিবস। আজ নৃত্যাঞ্চল সারা দিনব্যাপী ট্রাক নিয়ে শোভাযাত্রা এবং রাজধানীর বিভিন্ন জায়গায় নৃত্যানুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ২৩ থেকে ২৯ এপ্রিল দেশব্যাপী নৃত্যানুষ্ঠান, মেলা, সেমিনার এবং আজ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এতে সব নৃত্যশিল্পীর এক অভূতপূর্ব সম্মিলন ঘটানো হয়েছে।এই মহাসম্মিলন থেকে ধ্বনিত হোক—নৃত্যের তালে তালে ঘুচাও সকল বন্ধ হেসুপ্তি ভাঙ্গাও চিত্তে জাগাও মুক্ত সুরের ছন্দ হে