ঘুমতাড়ানি গানের জাদুকর
প্রতুলকে একটি বই উপহার দিয়েছিলেন তাঁর বড় ভাই। নাম ঘুমতাড়ানি ছড়া। সময়টা ১৯৫৪ সাল। বইয়ের ভেতরে তিনি আশীর্বাদ করে লিখেছিলেন, ‘পানু (প্রতুল মুখোপাধ্যায়ের ডাকনাম), বড় হ।’এই একটিমাত্র বই বদলে দিয়েছিল প্রতুলকে। তাঁর ভাষায়, ‘সেটি ছিল ছড়ার বই। তাতে মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের একটি ছড়া খুব পছন্দ হয়েছিল। এর প্রথম লাইনটি ছিল, আমরা ধান কাটার গান গাই। তখন আমার বয়স ১২ বছর। ওই সময় এই ছড়াতে সুর দিই। কিছুদিন পর বাড়ির পাশে একটি অনুষ্ঠান হচ্ছিল। আমি কাছেই দাঁড়িয়ে ছিলাম। আমার গায়ে ছিল দড়িবাঁধা প্যান্ট আর জামা। হঠাৎ কে একজন জিজ্ঞেস করল, “এই পানু, গান করবি?” আমাকে ধরে নিয়ে মাইকের সামনে দাঁড় করিয়ে দেয়। আমিও সেই গানটি গেয়ে ফেললাম। গান শুনে সবাই তো অবাক! “এই পানু, এই গান তুই কোথায় পেলি?” বইয়ে তো ছিল। “আরে, বইয়ে ছিল, সুরটা কে দিয়েছে?” আমিই দিয়েছি। পরে খবর পেয়ে ওই সময়ের একজন বড় শিল্পী এসে গানটা আমার কাছ থেকে শিখে নিয়েছিলেন।’শুরুর গল্পটা এভাবেই বললেন প্রতুল মুখোপাধ্যায়। এরপর অসংখ্য কবিতা ও ছড়ায় সুর দিয়েছেন। গীতিরূপান্তর করেছেন। নিজেও লিখেছেন। আর তার সবই ছিল ওই প্রথমটির মতো, একটু অন্য ধরনের।প্রতুল এখন ঢাকায়। সত্যেন সেনের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজন করেছে ‘সত্যেন সেন গণসংগীত উৎসব’। এই উৎসবের প্রধান অতিথি তিনি। ভারতের কলকাতার গণমানুষের এই শিল্পী ঢাকায় এসেছেন ২৬ মার্চ। সেদিন বিকেলে মগবাজারের এক বাসায় তাঁর সঙ্গে আড্ডার আয়োজন করা হয়। সেখানে আরও ছিলেন তাঁর সঙ্গে আসা রতন বসু মজুমদার।প্রতুল নিজে গান লিখতে শুরু করেন ১৯৬৯ সালে। বললেন, ‘তখন ছিল জাতীয় ও আন্তর্জাতিকভাবে এক টগবগে অবস্থা। যা-ই পড়তাম, ভাবতাম, এটাকে যদি গান করা হয়, তাহলে তো অনেক মানুষের কাছে পৌঁছানো যাবে। আমার গানের মূল উৎস ছিল, ওই সময় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বিখ্যাত ব্যক্তিদের রচনা কিংবা কবিতা। আমি সেগুলোর গীতিরূপান্তর করতাম। ওই সময় আমার গান খুব দ্রুত ছড়িয়ে যেত। ক্যাসেটে নয়, কণ্ঠে কণ্ঠে। সবার আন্তরিকতা আমাকে মুগ্ধ করত। প্রচুর গান লিখেছি। আর তাতে কোথাও আমার নাম ছিল না। সন্দেহ নেই, কেন এটা করেছি। ওই ব্যাপারে কিছু জিজ্ঞেস করবেন না। আমার গানগুলো ছড়াতে লাগল, কিন্তু নাম ছড়ায়নি।’মঞ্চে বা রাস্তার পাশে কোথাও প্রতুলের লেখা ও সুর করা গান হচ্ছে। প্রতুল তার পাশ দিয়েই হেঁটে যাচ্ছেন। নিজের গান অন্য কেউ গাইছে, একটু দাঁড়াতেন। মনে হতো, গানের ওই জায়গাটা ঠিক হচ্ছে না। কিন্তু কিছু না বলেই চলে যেতেন। এভাবেই কেটেছে ১৯ বছর। পুরোটা সময় নিজের পরিচয় গোপন রেখেছিলেন। পড়াশোনা শেষ করে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজে অধ্যাপনা করেছেন। পরে চাকরি নিয়েছেন ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়াতে। স্ট্যাটিসটিকস অ্যান্ড লং রেঞ্জ প্ল্যানিং বিভাগের প্রধান ব্যবস্থাপক ছিলেন। চাকরি থেকে অবসর নিয়েছেন অনেক দিন হলো। বললেন, ‘চাকরি থেকে অবসর নিয়েছি, গান থেকে ছুটি নিতে পারিনি। তাই তো গান গেয়ে চলেছি। এখন আপনাদের মতো অনুরাগীদের শোনাচ্ছি।’ যাঁর গান এত দিন সবাই গেয়েছেন, যাঁর গান সবার মনে অন্য রকম উদ্দীপনা তৈরি করত, সেসব গানের গীতিকার, সুরকার ও মূল শিল্পী প্রতুলকে প্রথম সবাই দেখতে পেলেন ১৯৮২ সালে।প্রতুল বললেন, ‘এক বন্ধুর অনুরোধেই নিজেকে প্রকাশ করতে হলো। তত দিনে সব থেমে গেছে। গ্রেপ্তার, হয়রানি, নির্যাতন, কারাবাস—সব। এক সন্ধ্যায় কালীদাস গুপ্তের বাড়িতে দেখলাম, শ খানেক লোক জড়ো হয়েছে। এত দিন তাঁরা যাঁর গান গেয়েছেন, তাঁকে এক নজর দেখতে এসেছেন। স্কুল অব রিসার্চের অনুষ্ঠানের আয়োজনটিই ছিল অনেক বড়। নিজেকে আর লুকিয়ে রাখা গেল না।’এরপর অফিসের কাজের পর বা ছুটিতে চলে যেতেন বিভিন্ন জায়গায়। কলকাতা শহরে, আশপাশে কোনো জেলায় কিংবা আরও দূরে। প্রতুলের গানের আয়োজন তখন ছিল খুব স্বাভাবিক ব্যাপার। আর তা শোনার জন্য জড়ো হতো অসংখ্য মানুষ। গণমানুষের কাছে গিয়ে নিজের গানগুলো শোনাতেন তিনি। বললেন, ‘বাড়িতে বলাই ছিল, রাত সাড়ে নয়টার মধ্যে যদি না আসি, তাহলে জানবে, ওই দিন আর ফিরব না। প্রস্তুতিটা সব সময়ই থাকত। সঙ্গে হাতব্যাগে অতিরিক্ত কাপড় রেখে দিতাম।’নিজেকে কখনো পণ্ডিত মনে করেন না তিনি। বললেন, ‘আমি বড়জোর একজন সংস্কৃতিকর্মী।’তরুণ আর নতুন প্রজন্মের প্রতি তাঁর অগাধ ভালোবাসা। বললেন, ‘তাদের সঙ্গে পুরোনোর সাঁকোটা ভেঙে দেওয়ার একটা খুব সচেতন চেষ্টা চলছে। তাই তাদের সঙ্গে নিবিড় যোগাযোগের খুব প্রয়োজন অনুভব করি।’নিজের গানের সঙ্গে কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করেন না প্রতুল। বললেন, ‘যন্ত্রসংগীতের প্রতি অনাগ্রহ থেকে নয়, এটা আমার ধরন। গানের সঙ্গে যন্ত্র যদি বাজে, তাহলে কণ্ঠের যে অদ্ভুত রকমের আবেদন, সেটা মার খায়। আমি কথা বলি আস্তে, আর গানটা গাই জোরে।’কিছুটা অভিমান থেকে প্রতুল একসময় বলেছিলেন, কখনোই বাংলাদেশে আসবেন না। সেই অভিমান ভুলে গিয়ে তিনি এসেছেন, এ দেশের শ্রোতাদের গান শোনাচ্ছেন। রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত সত্যেন সেন গণসংগীত উৎসবে গান করেছেন তিনি। সেদিন রাতে দেশ টিভির বর্ষপূর্তি অনুষ্ঠানেও গান করেছেন। তবে সোমবার জাতীয় জাদুঘরে আয়োজিত প্রতুল মুখোপাধ্যায়ের একক গানের অনুষ্ঠান ছিল এ দেশের শ্রোতাদের জন্য এক নতুন অভিজ্ঞতা। প্রতুল কথা বলছেন, গান করছেন; গান করছেন, কথা বলছেন—সন্ধ্যা সাড়ে সাতটা থেকে কোনো বিরতি ছাড়াই রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত। মিলনায়তনের সব কটি আসন ছিল পূর্ণ। এ ছাড়া যতটুকু জায়গা খালি ছিল, চলাচলের জন্য কিংবা মঞ্চের সামনে—সেখানে বসে ছিলেন আরও অনেকে। মিলনায়তনের বাইরেও ছিল সমান ভিড়। প্রতুল তাঁর গান শুরু করেন ‘তার ঘর পুড়ে গেছে’ দিয়ে। এরপর নিজের পছন্দে এবং দর্শকদের অনুরোধে গেয়েছেন ২০টি গান। শেষ দুটি পরিবেশনা ছিল ‘দুই জনায় বাঙালি ছিলাম’ আর ‘আমি বাংলায় গান গাই’। মাঝে বিভিন্ন গানের সঙ্গে কখনো শিল্পীর আহ্বানে আবার কখনো দর্শক নিজের আগ্রহেই কণ্ঠ মিলিয়েছেন প্রতুলের সঙ্গে।সেদিনের আড্ডায় সবার কাছে প্রতুলের আহ্বান ছিল, ‘শেকড়কে ভুলে যেয়ো না। একুশ শতকে আধিপত্যবাদীদের সবচেয়ে বড় কাজটি হলো, শেকড়কে ছিঁড়ে ফেলা। তাহলে সংস্কৃতির দিক থেকেও তারা সবাইকে দাস বানাতে পারবে। তাদের অনুকরণে সবাইকে চলতে উদ্বুদ্ধ করবে। তাই বারবার আমাদের শেকড়ের কাছে ফিরে যেতে হবে।’কাল শুক্রবার কলকাতায় ফিরে যাবেন প্রতুল।