ঘুমহীন শাহরুখ!

শাহরুখ গত ২৭ মে তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। তৃতীয় সন্তানের বাবা হতে সারোগেসি পদ্ধতির সাহায্য নিয়েছেন তিনি। এ পদ্ধতিতে বাবা-মায়ের অনাগত সন্তানের ভ্রূণ পরিবারের বাইরের কোনো নারীর গর্ভে বেড়ে ওঠে। শুরুতে আবরামের সারোগেট মায়ের পরিচয় গোপন রাখা হলেও পরে জানা যায়, তাকে পৃথিবীর আলো দেখিয়েছেন শাহরুখ-গৌরীর নিকটাত্মীয় নমিতা শিবার।
গর্ভধারণের ৩৪ সপ্তাহ পর গত ২৭ মে আন্ধেরির মাছরানি হাসপাতাল ফর ওমেনে দেড় কেজি ওজনের শিশুটির জন্ম হয়। মাছরানি হাসপাতালের একজন চিকিত্সক জানান, সাধারণত গর্ভধারণের ৩৮তম সপ্তাহে সন্তান ভূমিষ্ঠ হয়। কিন্তু নির্ধারিত সময়ের আগেই শিশুটি ভূমিষ্ঠ হওয়ায় জটিলতা দেখা দিয়েছিল। হূত্স্পন্দন কমে যাওয়ায় ভেন্টাস ডেলিভারি পদ্ধতিতে শিশুটির জন্মের ব্যবস্থা করা হয়।
জন্মের পরও জটিলতা থেকে যাওয়ায় প্রথমে আবরামকে জুহুর নানাবতি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গত ৪ জুন তাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার নিও-ন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে একজন শিশু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তাকে ভর্তি করা হয়।
এভাবে মাস খানেক হাসপাতালে চিকিত্সাধীন থাকার পর সুস্থ হয়ে উঠলে জুলাই মাসের শুরুর দিকে শাহরুখের বাসায় নিয়ে যাওয়া হয় আবরামকে। পরে মান্নাত বাসভবনে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা মিলে ছেলেকে বরণ করে নেন ‘কিং খান’।
এসব কারণে বাবা হওয়ার পর দুঃখ ও আনন্দের মিশ্র অনুভূতি হচ্ছে বলেই জানিয়েছিলেন শাহরুখ। ব্যক্তিগত বিষয়টি নিয়ে মিডিয়ার বাড়াবাড়িতে তিনি প্রচণ্ড বিরক্ত ও ক্ষুব্ধ হন। অভিমানে শুরুর দিকে পরিবারের নতুন অতিথি সম্পর্কে কোনো তথ্যই তিনি দেননি। এমনকি তৃতীয় সন্তানটি ছেলে, না মেয়ে—সে বিষয়েও মুখে কুলুপ এঁটে ছিলেন তিনি। পরে অবশ্য আবরাম সম্পর্কে খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে জনসমক্ষে কথা বলেছেন শাহরুখ।