ঘুমের ওষুধ খেয়ে ন্যান্সি হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজমুন মুনিরা ন্যান্সি
নাজমুন মুনিরা ন্যান্সি

মাত্রাতিরিক্ত ঘুমের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ায় দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিকে গতকাল শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতালের চিকিৎসকেরা প্রাথমিকভাবে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন।
এর আগে নেত্রকোনার একটি ক্লিনিক থেকে সন্ধ্যায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। গতকাল রাত সাড়ে আটটায় নেত্রকোনার ওই ক্লিনিকের অ্যাম্বুলেন্সে করে ন্যান্সিকে ময়মনসিংহে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর ন্যান্সি চিকিৎসকদের জানান, গতকাল বেলা একটা থেকে দেড়টার মধ্যে দুই দফায় মোট ৬০টি ঘুমের ট্যাবলেট খান। প্রথম দফায় ৪০টি ও দ্বিতীয় দফায় ২০টি ট্যাবলেট খান তিনি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা জাকির হোসেন জানান, ট্যাবলেট খাওয়ার পর দীর্ঘ সময় পার হয়ে যাওয়ায় বিষক্রিয়া রক্তের সঙ্গে মিশে গেছে। কাজেই পাকস্থলী ‘ওয়াশ’ করা সম্ভব নয়। তিনি আরও বলেন, যেহেতু ন্যান্সির জ্ঞান আছে এবং তিনি কথা বলতে পারছেন, তাই প্রাথমিকভাবে তাঁকে আশঙ্কামুক্ত বলেই মনে হচ্ছে।
ন্যান্সিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মী ও তাঁর ভক্তরা জরুরি বিভাগের সামনে ভিড় করেন। ২০১২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী শিল্পী ন্যান্সি বেশ কয়েকবার মেরিল-প্রথম আলো পুরস্কারও জিতেছেন।