>অনেক ‘প্রথম’ সঙ্গী করেই জীবন কাটাতে হয়। নিতে হয় অভিজ্ঞতা। তারকাদের জীবনেও এমন প্রথম অভিজ্ঞতা রয়েছে। তাঁদের এমন প্রথম পাঁচটি অভিজ্ঞতা নিয়েই ‘প্রথম পাঁচ’।

প্রথম অটোগ্রাফ দেওয়ার অভিজ্ঞতা
তখনো আমার প্রথম ছবি ভালোবাসার রং মুক্তি পায়নি। অটোগ্রাফের বিষয়টি নিয়ে ধারণা ছিল না অতটা। ছবি মুক্তি পেল। তখন আমার ছবিটা দ্বিতীয়বার দেখতে বলাকাতে গিয়েছিলাম। প্রেক্ষাগৃহ থেকে বের হচ্ছি। একটা ছেলে এসে আমাকে বললেন, ‘আপা, প্লিজ আমাকে একটা অটোগ্রাফ দেন না।’ শুনেই আমি একটু ঘাবড়ে গেলাম। ভয়ও পাচ্ছিলাম, কী লিখব! পরে আন্দাজ করে লাভ চিহ্ন দিয়ে লিখেছিলাম ‘উইথ লাভ’। এটাই আমার প্রথম অটোগ্রাফ দেওয়া।
প্রথম পারিশ্রমিক
ভালোবাসার রং ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার দিন ২০ হাজার টাকা পেয়েছিলাম। টাকাটা হাতে পাওয়ার পর ভাবলাম, বাসায় গিয়ে মায়ের হাতে পুরো টাকা তুলে দিয়ে মিষ্টি কিনতে বলব। কিন্তু চুক্তি শেষ করে প্রযোজনা প্রতিষ্ঠানের কার্যালয় থেকে বেরিয়ে বান্ধবীদের সঙ্গে ঘুরতে বের হই। বাসায় ফিরতে ফিরতে দেখি, সব টাকা শেষ! কী হবে এখন? মনে মনে নিয়ত করেছিলাম চুক্তির টাকা দিয়ে বাসায় ফিরে সবাইকে মিষ্টি খাওয়াব। যা-ই হোক শেষ পর্যন্ত উল্টা মায়ের কাছ থেকে টাকা নিয়ে পরে সবাইকে মিষ্টিমুখ করিয়েছিলাম।
প্রথম ক্যামেরার সামনে
২০১২ সালের মে মাস। আমার প্রথম ছবি ভালোবাসার রং-এর শুটিংয়ের প্রথম দিনের ঘটনা। শুটিং ছিল নারায়ণগঞ্জের একটি জায়গায়। আগের দিন আমরা ওখানে চলে গিয়েছি। রাতে আমাকে বলা হলো সকাল ছয়টায় শুটিং শুরু হবে। ভোর চারটায় আমি উঠে মেকআপ নিয়ে ছয়টার আগেই তৈরি হয়ে যাই। সারা দিন চলে যাচ্ছে, আমার শটের কোনো খবর নেই। এরপর রাত ১১টার দিকে আমি ঘুমিয়ে পড়ি। আমার প্রথম দৃশ্যও ছিল বিছানায় ঘুমিয়ে থাকা। ঘুমানো অবস্থায় রুম থেকে তুলে নিয়ে সেটের রুমে নিয়ে এসেছিল আমাকে। ওভাবেই প্রথম শটটি নেওয়া হয়। পরে ঘুম ভেঙে দেখি, ঘর অন্ধকার। পরে জানতে পারি আমার প্রথম শট নেওয়া শেষ! আমি তো পুরাই বোকা হয়ে গিয়েছিলাম।
প্রথম বই পড়ার অভিজ্ঞতা
ছোটবেলা থেকেই ক্লাসের বইয়ের বাইরে কোনো গল্প বা উপন্যাসের বই পড়ার তেমন একটা আগ্রহ ছিল না আমার। আমি যখন নবম শ্রেণিতে পড়ি তখন প্রেমের কোনো গল্প-উপন্যাসের বই পেলে পড়তাম। প্রথম পড়েছিলাম হুমায়ূন আহমেদের প্রেমের গল্প নামে গল্পটি। এরপর হুমায়ূন আহমেদের কৃষ্ণপক্ষ, মৃন্ময়ী ও নীল অপরাজিতা পড়েছি। চলচ্চিত্রে কাজ শুরু করার পর বেশ কয়েক বছর ধরে আর বই পড়া হয় না।
প্রথম প্রেমের চিঠি
আমি তখন পঞ্চম শ্রেণিতে পড়ি। আমাদের পাড়ার একটি ছেলে ছিল, দেখতে কালো। আমার পেছনে ঘুরঘুর করত। আড়ালে তাঁকে ‘কালাচাঁন’ বলে ডাকতাম। একদিন স্কুলমাঠে বান্ধবীরা মিলে খেলছি। হঠাৎ একটি ছেলে এসে কাগজ ধরিয়ে দিল আমার হাতে। খুলে দেখি, চিঠি। কার চিঠি? তখন চিন্তা করার সময় ছিল না। কারণ মা দেখলে খবর আছে! ভয়ে তাড়াতাড়ি ক্লাসরুমে চলে গেলাম। স্কুলব্যাগে ফোমের তৈরি পুতুল ছিল। পুতুলে পেট কেটে লুকিয়ে রাখলাম চিঠিটা। এরপর সুযোগ করে বান্ধবীরা মিলে খুলে দেখি কি, রক্ত দিয়ে লেখা চিঠি। ওই সেই কালাচাঁনের লেখা। চিঠিটা পেয়ে আমরা বান্ধবীরা সবাই মজা করলাম। যুক্তি করলাম, রক্ত দিয়ে লিখে উত্তর দিতে হবে চিঠির। কিন্তু আমি তো রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যাই! তাহলে কী হবে এখন! সিদ্ধান্ত হলো সাত বান্ধবী মিলেই হাত কেটে রক্ত বের করব। পরে সবাই অল্প অল্প করে হাতের আঙুল কেটে রক্ত বের করে তা দিয়ে সেই চিঠির উত্তর দিয়েছিলাম।
অনুলিখিত