গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের আকাশে উড়িয়ে দেওয়া হলো হরেক রকম বেলুনসমেত একটি ঘুড়ি। ঘুড়িতে লেখা হুমায়ুন আজাদের ‘বই’ কবিতাটি। সম্প্রতি পাঠ্যপুস্তক থেকে এই কবিতাটি উঠিয়ে দেওয়ার প্রতিবাদে এবং সাম্প্রদায়িকতামুক্ত শিক্ষার স্লোগান নিয়ে বাংলাদেশ পথনাটক উৎসবের উদ্বোধন হলো।
বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে উৎসবের উদ্বোধন করেন ভারতের জননাট্য মঞ্চের সংগঠক খ্যাতিমান নাট্যজন সফদর হাশমির স্ত্রী মলয়শ্রী হাশমি। উদ্বোধনের সময় পঠিত হয় হুমায়ুন আজাদের ‘বই’ কবিতাটি। উদ্বোধনী বক্তৃতায় মলয়শ্রী হাশমি বলেন, সব জায়গায় প্রগতিশীলদের ওপর আঘাত আসছে। তবে জনগণও চুপ নেই। তারাও মোকাবিলা করছে। পথনাটক যখন দেখানো হয় তখন এটি একটি সাংস্কৃতিক অনুভব দেয়। এটা রাতারাতি সমাজ বদলে দেয় না। নাটক একটা আইডিয়া দেয়, বিবেককে নাড়া দেয়, বিতর্কের সৃষ্টি করে।
নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, পথনাটক হলো প্রতিবাদের। এই প্রতিবাদ উচ্চকিত করতে গিয়ে শহিদ হয়েছিলেন সফদর হাশমি। জননাট্য মঞ্চের কর্মীরা তাঁর প্রতিবাদ জানিয়েছিলেন নাটক করেই। আজকে পাঠ্যসূচিতে যে সাম্প্রদায়িক ঘটনা ঘটানো হয়েছে, সেটা পথনাটক দিয়ে মানুষকে দেখানো যেতে পারে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাট্যজন মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, গবেষক বিশ্বজিৎ ঘোষ ও নাট্যজন ঝুনা চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন উৎসবের আহ্বায়ক মোহাম্মদ বারী, স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস, ঘোষণাপত্র পাঠ করেন মিজানুর রহমান, সভাপতি ছিলেন পরিষদের সভাপতি মান্নান হীরা।
আলোচনা অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় আরণ্যক নাট্যদলের পথনাটক আগুনের জবানবন্দী, ব্রতচারী নৃত্য ও গাজীপুরের মুক্তমঞ্চ নাট্যদলের চোর সমগ্র। উৎসব চলবে ৭ মার্চ পর্যন্ত।
কবিকণ্ঠে কবিতা
‘অশুভর বিরুদ্ধে কবিতা হলো এক দারুণ যুদ্ধাস্ত্র। সৈনিকেরা মেটালিক অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করে, কবিরা করে শব্দের অস্ত্র নিয়ে। কবিতা যদি শাসকের পছন্দ না হয়, তবে কবি আর কবিতার বই নিষিদ্ধ হয়। গ্রেপ্তার হন কবি। বিবেককে জাগ্রত রাখতে কবিরা পালন করছে অগ্রসর ভূমিকা।’ ‘একুশে একুশে একাত্তর’ শীর্ষক কবিতার আসরে স্বাগত বক্তব্যে এ কথা বলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি কবি রবিউল হুসাইন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়ে গেল মুক্তিযুদ্ধ জাদুঘরের নিয়মিত আয়োজন ‘কবিকণ্ঠে কবিতা’। আসরের সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সাবেক সভাপতি হাবিবুল্লাহ সিরাজী।
এরপর মঞ্চে কবিতা পাঠ করেন রবিউল হুসাইন, অসীম সাহা, দিলারা হাফিজ, আলম তালুকদার, রুবী রহমান, অঞ্জনা সাহা, আতাহার খান, জাহিদুল হক, হাসান হাফিজ, রবীন্দ্র গোপ, শিহাব সরকার, তারিক সুজাত, আসলাম সানী, রণজিৎ কুমার, পারভিন আক্তার, শামস হক, মোস্তফা মজিদ প্রমুখ কবি। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন ‘সার্থক জনম আমার’ কবিতাটি আবৃত্তি করেন।