ফরিদুর রেজা সাগর ও ইবনে হাসান খান প্রযোজিত ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা । কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা হুমায়ূন আহমেদ। চলচ্চিত্রটির নাম ভূমিকায় কিশোর শিল্পী মামুন। গল্পের আখ্যানভাগ: প্রায় দেড় শ বছর আগে হবিগঞ্জ জেলার জলমুখা গ্রামের এক বৈষ্ণব আখড়ায় ঘাটুগান নামে নতুন সংগীত ধারা সৃষ্টি হয়েছিল। মেয়ের পোশাক পরে কিছু রূপবান কিশোর নাচ-গান করত। এদের নাম ঘেটু। গান হতো প্রচলিত সুরে, যেখানে উচ্চাঙ্গসংগীতের প্রভাব ছিল স্পষ্ট। অতি জনপ্রিয় এ সংগীত ধারায় নারীবেশী কিশোরদের উপস্থিতির কারণেই এর মধ্যে অশ্লীলতা ঢুকে পড়ে। বিত্তবানেরা এসব কিশোরকে যৌনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য লালায়িত হতে শুরু করেন। একসময় সামাজিকভাবে বিষয়টা স্বীকৃতি পায়। হাওর অঞ্চলের শৌখিনদার মানুষ জলবন্দী সময়টায় কিছুদিনের জন্য হলেও ঘেটুপুত্র নিজের কাছে রাখবেন—এ বিষয়টা স্বাভাবিকভাবে বিবেচিত হতে থাকে। শৌখিনদার মানুষের স্ত্রীরা ঘেটুপুত্রকে দেখত সতিন হিসেবে। উল্লিখিত বক্তব্য ছিল পরিচালকের লিখিত উচ্চারণ ভাষ্যে ঘেটুপুত্র কমলা ছবির প্রারম্ভিক ট্রিটমেন্ট প্লেট। বাংলাদেশের সাংস্কৃতিক সমীক্ষামালায় জানা যায়, আঞ্চলিক ও সর্বাঞ্চলীয়, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক, সাধারণ ও তত্ত্বপ্রধান, তালযুক্ত ও তালহীন, সংস্কারগত ও সংস্কার-নিরপেক্ষ নানা শ্রেণী বিভাজনে ভাওয়াইয়া, মালসী, গম্ভীরা, বারাশে, পালাগান, বাউলগান, ভাটিয়ালি, রয়ানী, মুর্শিদি-মারফতি, মাইজভান্ডারি, জারি, অষ্টক, ধামাইল, নটুয়া ইত্যাদি অঞ্চলভিত্তিক গানের মতোই ঘাটুগান। ঘাটুগানের বৈশিষ্ট্য, এটি কর্মজীবীদের গান। শুধু বিনোদন নয়, গান গেয়ে অর্থ উপার্জন এর মূল লক্ষ্য। ঘাটুগানের বিষয়বস্তু প্রেমনির্ভর। রাধাকৃষ্ণের প্রেম ও পরকীয়া ভাবই প্রধান উপজীব্য। ঘাটু মূলত হাওর অঞ্চলের গান। আগে ময়মনসিংহের সাধারণ কৃষকেরা প্রতিবছর নৌকাযোগে আসামে ‘ছন’ কাটতে যেত। কার্তিক, অগ্রহায়ণ ও পৌষ—এই তিন মাস তারা সেখানে অবস্থান করত। জীবজন্তুর ভয় থাকায় পাহাড়ের অবস্থান নিরাপদ ছিল না; তাই তারা দিনের শেষে নৌকায় ফিরে আসত। সারা দিনের পরিশ্রম শেষে বিভিন্ন অঞ্চল থেকে আগত এসব মানুষ নিজ নিজ নৌকায় বসে গান করত। সুন্দর চেহারার কিশোর বালককে বালিকার পোশাক পরিয়ে এ ধরনের গান পরিবেশন করাত। নদীর ঘাটে বসে গান করা হতো বলে এর নাম ‘ঘাটুগান’। ময়মনসিংহের হাওর অঞ্চলে বিশাল আকৃতির নৌকা নিয়ে ঘাটুর দল শ্রোতা নিয়ে নদী অথবা হাওরের মাঝখানে গান পরিবেশন করত। দর্শক-শ্রোতা বেশি হলে ঘাটে অথবা ডাঙায় নৌকা ভিড়িয়ে একটানা সারা রাত গান করত। এখনো ঘাটুগান হয়, তবে নৌকার ওপরে নয়—মঞ্চ সাজিয়ে। আগের দিনে ‘ঘাটু’ অপহরণ এবং অপহরণকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের কথাও জানা যায়। ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রে জমিদার চৌধুরী হেকমতের চরিত্রে তারিক আনাম খান, কমলার বাবা ফজলু চরিত্রে জয়ন্ত চট্টোপাধ্যায়। জমিদারের স্ত্রী হামিদা চরিত্রে মুনমুন আহমেদ, কমলার মায়ের চরিত্রে তমালিকা কর্মকার, কমলার নাচের শিক্ষক গৌরাঙ্গ চরিত্রে প্রাণ রায়, জমিদারের কাজের মহিলা ময়না চরিত্রে শামিমা নাজনীন, চিত্রশিল্পী শাহ আলম চরিত্রে আগুনসহ আরও অনেকেই অভিনয় করেছেন। ঘেটুপুত্র কমলা একটি সম্পূর্ণ চলচ্চিত্র। সমাজবোধ-ইতিহাসবোধে উদ্ভাসিত শিল্পবোধের পরিপূরক ঘেটুপুত্র কমলার চলচ্চিত্র উপাদান। ঘেটুপুত্র কমলার নিষ্পাপ আচরণ, ক্ষমতা-অবশ পিতা, অভাব বহিক্রিয়ার ধাক্কায় মাতৃভাবাদর্শলুপ্ত বিপন্ন কমলার মা এবং টানাপোড়েনের শিকার হেকমতের স্ত্রী হামিদা ঘেটুপুত্র কমলার প্রাণরস। সব চরিত্রের নায়ক জমিদার চৌধুরী হেকমত। বিশৃঙ্খল পরিবেশেই তার শৃঙ্খলিত জীবন। ওজু, নামাজ, পরিবারে কোরআন শিক্ষা, মানবসেবা। সবকিছুর মাঝেই তার চারিত্রিক শুদ্ধতার ছিদ্রপথে প্রবেশ করে প্রমোদবিকার। হেকমতের চৈতন্য ভোঁতা নয়। কিন্তু অচরিতার্থ কামনা-বাসনায় তার স্নায়ুমন উত্তেজিত। সার্থক চরিত্রভঙ্গি প্রকাশে চৌধুরী হেকমত চরিত্র পরিচালকের রচনায় সফল নির্দেশনা। অন্যদিকে স্বাধিকার হারানো হেকমত-স্ত্রী হামিদার অন্তঃক্ষরণ, সতিন ভাবা সেই কমলাকে নিজ হাতে সাজিয়ে স্বামীর কাছে তারই প্রাপ্য বিনোদনভোগী করে পাঠানো, হেকমত-স্ত্রীর আদ্যন্ত জুড়ে একটা প্রচণ্ড মানসিক চাপ, এর প্রকাশিত অভিব্যক্তিতে হেকমত-স্ত্রী এক উত্তীর্ণ অভিনয় প্রকাশ। অন্যদিকে চিত্রশিল্পী শাহ আলমের মাঝে পরিচালক নিজেই আবির্ভূত। ঘাটুগানে কিশোর পীড়ন তাকে দেখতে হবে, ধনী প্রভুদের বিনোদনচেতনা বিকৃতি অনুভব করতে হবে, নীরবে এঁকে যেতে হবে তুলির আঁচড়ে তাদেরই প্রতিকৃতি। বোধের ফল্গুধারায় শিল্পী শাহ আলম যেন পরিচালক নিজেই ঘেটুপুত্র কমলাকে বলছে, ‘আমি তোমায় ঘৃণা করি না। গ্রামে ফিরে আর ঘাটুগান করবে না। স্কুলে ভর্তি হবে।’ চিত্রনাট্যের সার্বিক সামঞ্জস্যের তালে পরিচালকের সাংগঠনিক প্রকাশ শিল্পের সহজ শর্ত। শিল্পের নানা স্তর অতিক্রান্ত ঘেটুপুত্র কমলা ছবির ভিজ্যুয়াল দৃশ্যপট রচনা, এক নজরে প্রাচীন বাংলা দেখার সাধ মেটায়। ক্যামেরার নিচু কোণ, উপরি কোণে শট গ্রহণ, চলচ্চিত্রের প্রথম এবং শেষ শটের মধ্যে জোয়ার এবং ভাটা প্রাকৃতিক রূপসৌন্দর্য চমৎকারিত্বে মনোহর।ঘেটুপুত্র কমলায় উপমা শটের প্রয়োগ তাৎপর্যপূর্ণ, যা শিল্প-সহযোগী নবতরঙ্গ। হেকমতের ঘরে কমলার প্রথম প্রবেশে কালো চিতার ধারালো হাঁ করা মুখ যেন আসন্ন যন্ত্রণার ইঙ্গিত প্রদান করে। হেকমতের নির্জন ঘরে কমলার দেহ স্পর্শে কমলার চিৎকারে প্রতিধ্বনিমিশ্রিত শট কাট করে বাদকদলের জোর বাদ্যবাজনা যেন দুঃখের মূর্ছনা। এর সঙ্গে সংযুক্ত পিতা ফজলুর জলভেজা নির্বাক চাহনি অন্নতাড়িত দুঃখী বাঙালির প্রতীক। বেদনাহত কমলা বাবার বুকে মাথা রেখে মাকে দেখার ইচ্ছা প্রকাশে ফ্লাশব্যাক দৃশ্যান্তরে কমলার সঙ্গে মায়ের উচ্চারণ ‘আমারে তুই মাফ দে’ এক তীব্র অনিয়ন্ত্রিত অনুভব আবেগ, যার নাটকীয় মূল্য শতভাগ। চলচ্চিত্রের নিজস্ব ভাষা মন্তাজ রীতি। এই ভাষায় প্রয়োগ, ধর্ষণেচ্ছায় কমলাকে হেকমতের দ্বিতীয় স্পর্শ শট কাট করে শস্যদানা ভাঙা জাঁতাকল ঘুরে চলা। ঘর্ষণে-পেষণে শস্যদানা নয়, যেন অনাকাঙ্ক্ষিত মানবজীবন। ইমেজারি বহু কথনের সংজ্ঞায় এখানেই মন্তাজরীতির সঠিক রূপ বপন। চলচ্চিত্রের প্রতিটি গীত, সংযোজিত সংগীত একটা বিশ্বাস বিশিষ্টতা দাবি করে। ছবির প্রথম ‘শুয়া উড়িল, উড়িল’ গানটি স্যাড টোনে ছবির শেষান্তে আবহে বেজে ওঠা, কমলার মৃত্যুদৃশ্যে আবারও তার নৃত্যগীত সুরের বিয়োগান্ত প্রয়োগ প্রশংসাযোগ্য। সতর্ক হলে আবহে পশ্চিমা যন্ত্রসংগীত পরিহার করা যেত। মোমবাতির আলোয় হেকমত ও তার স্ত্রীর দৃশ্য আরও বিশ্বাসযোগ্যভাবে আঁধারের রূপ আনা যেত। কমলার পরনে হাফ প্যান্ট। দেড় শ বছর আগে কেমন ছিল ভাবা যেত। চিত্রনাট্যের চাহিদায় দৃশ্য পরিকল্পনা, সেট নির্মাণ, লোকজ উপাদান, প্রপসের ব্যবহার, চলচ্চিত্রটির ইউনিট কর্মীদের পরিশ্রমী এবং আপসহীন মনে হয়েছে। ইউনিটের সবাই ঘেটুপুত্র কমলা নামের এক স্বপ্ন-মায়ায় বন্দী ছিলেন। প্রমাণ, শেষ দৃশ্যের কাকের শট, কমলার বুকের ওপর দিয়ে কালো কবুতর হেঁটে যাওয়া। ধাক্কা দৃশ্যে কার্নিশের ছায়ারেখা চলচ্চিত্রে মুনাফা-বিনোদক হিসেবে কিছু ট্রিগার ম্যাকানিজমের প্রয়োগ: হেকমতের মেয়ের সঙ্গে কমলার সখ্য। তার কৌতূহলী জিজ্ঞাসা, কমলা ছেলে না মেয়ে। হুজুরের মানবসত্তার জাগরণ। কমলার বাবাকে হেকমতের নকশিদার বাঁশি উপহার। কমলাকে হেকমতের সংলাপ ‘গরমের মধ্যে বেশি কাপড়চোপড় না থাকা ভালো।’ ঘোড়া পালকের স্বপ্নে কমলাকে ঘোড়ায় চড়িয়ে বিশেষ ভঙ্গিতে কমলার পেছনে বসা এবং ট্রিটমেন্ট প্লেটে একটি বিশেষ শব্দলিখন ধারাভাষ্য বর্ণনা। কমলার মৃত্যুর পর হেকমতকন্যার ছবিতে কমলার বিশেষ নকল পোশাক দেখানো। তবুও বলা, একটি শিল্প, একটি চলচ্চিত্র একজন পরিচালকের জ্ঞান, অভিজ্ঞতা, কল্পনাশক্তি, সমাজব্যবস্থা, সমাজের মানুষের সঙ্গে তার আনুপাতিক সম্পর্ক নানা রকম সাংকেতিক উপকরণ উদাহরণ নির্যাস রসে সৃষ্টি হয়। কোনো চলচ্চিত্র বা শিল্পকর্মই তত্ত্বীয় আলোচনা, সমালোচনা-পর্যালোচনার ঊর্ধ্বে নয়। সান্ত্বনা এখানেই, হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা দর্শকদের জন্য আধা সেদ্ধ পরিবেশনা নয়, শিশুশিল্পী মামুনের অন্তরছোঁয়া অভিনয় অভিব্যক্তি তার প্রমাণ। দর্শক শ্রেণী মূল্যায়ন: হুমায়ূন আহমেদের পাঠক এবং তাঁর নিজস্ব দর্শক ৭০ শতাংশ, তাঁর শেষ ছবি দেখতে আসা ১০ শতাংশ, পাঠক নয়, নিয়মিত ছবির দর্শক ১০ শতাংশ, মিডিয়ার প্রচারণায় সংস্কৃতি ক্ষেত্রে ৫ শতাংশ, দলবদ্ধ বন্ধুদের সঙ্গ দিতে আসা ৫ শতাংশ, এক পরিবারভুক্তি সদস্য, কিশোর-কিশোরী ০ শতাংশ।দর্শক প্রতিক্রিয়া: মানবিক দলিল, লোকজ বাংলার ইতিহাস ঘেটুগণ সম্পর্কে জানা হলো। স্যার তো আর নেই, শেষ ছবি দেখলাম। ছবির বার্তা অন্য রকম। তালগোল পাকানো কিছু নেই। ঢাকাইয়া ছবির নায়ক-নায়িকার পর্দা অত্যাচার নেই। সেন্সর বোর্ড কি উদার হয়ে গেল?একজন মিসির আলি: হুমায়ূন আহমেদ যা দেখান, যা বলেন সত্যের মতো মনে হয়। ঘেটুপুত্র কমলা ছবি দেখে আবার যেন নতুন উৎপাত কিশোর নিপীড়ন শুরু না হয়। পীড়নে পীড়িত বাংলাদেশ এখন ক্লান্ত।