ঘেটুপুত্র কমলায় গায়ক বাবু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ূন আহমেদের আগামী ছবির নাম ঘেটুপুত্র কমলা। আর এতে কাজ করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। তবে অভিনেতা হিসেবে নয়, ছবির একটি গানে কণ্ঠ দিচ্ছেন তিনি। ‘বাজে বংশী রাজ হংসী, নাচে দুলিয়া দুলিয়া’—এমনই কথার গানটিতে ঠোঁট মেলাতে দেখা যাবে তাঁকে। গানটি লিখেছেন হুমায়ূন আহমেদ এবং সুর করেছেন মাকসুদ জামিল। সম্প্রতি একটি স্টুডিওতে গানটির রেকডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। বাবু বলেন, ‘আমি তো এমনিতেই প্লেব্যাক করছি। এর আগে গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা ছবিতেও গান গেয়েছিলাম, এ আর নতুন কিছু নয়। হুমায়ূন আহমেদের সঙ্গে এর আগে আমার কাজ করা হয়নি। এবারই প্রথম তাঁর ছবিতে প্লেব্যাক করলাম। গানের কথাটা ছিল অসাধারণ। সবকিছু মিলে বেশ ভালোই হয়েছে মনে হলো।’আগামী মাসের শেষের দিকে ছবির শুটিং শুরু হবে। ঘেটুপুত্র কমলা ছবির অন্যান্য গানে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, সেলিম চৌধুরী, শাওন ও কুদ্দুস বয়াতি। ছবির সংগীত পরিচালক এস আই টুটুল।বাবু বর্তমানে ঈদের কাজে ব্যস্ত। এবার ঈদে কতগুলো নাটকে দেখা যেতে পারে এমন প্রশ্নের উত্তরে বাবু মজা করে বলেন, ‘আমার মনে হয়, হাজার হাজার নাটকে কাজ করছি। প্রতিদিনই শুটিং। দেখা যায় কোনো দিন দুই-তিনটি নাটকেরও শুটিং করতে হচ্ছে। অবসরের জন্য একটি দিনও পাচ্ছি না। সে হিসেবে বললাম আর কি হাজার হাজার।’ হা.হা..হা...তবে হাজার হাজার নাটকে কাজ না করলেও এবারের ঈদে ফজলুর রহমান বাবুর প্রায় ডজনখানেকের বেশি নাটক প্রচারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।