চ তু র ঙ্গ
অভিনয়ের বিপদও অবশ্য আছে দর্শকমাত্রই জানেন, তাঁদের উপস্থিতি মানেই মজার কোনো উপলক্ষ। চারজনেরই পরিচয়, তাঁরা ছোটপর্দার জনপ্রিয় মুখ। এই চার অভিনেতা সেদিন একসঙ্গে বসেছিলেন আনন্দ আড্ডায়।সিদ্দিকের অভিনয়জীবনের অন্যতম আনন্দময় ঘটনাটি ঘটে গেছে সপ্তাহ দুয়েক আগে। প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে তিনি গিয়েছিলেন আমেরিকায়। ফেরার সময়কার ঘটনা। খানিকটা ভ্যাবাচেকা ভাব নিয়ে জন এফ কেনেডি বিমানবন্দরে দাঁড়িয়ে আছেন সিদ্দিক। কাঁধে রাজ্যের গাট্টিবোঁচকা। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের ব্যস্ততম বিমানবন্দর বলে কথা। চারদিকের কায়কারবার দেখে একটু ধাঁধা তো লাগেই। এর মধ্যেই সিদ্দিককে দেখে ব্যস্তসমস্ত হয়ে এগিয়ে এলেন এক তরুণ। পোশাক-আশাক বলছে তিনি কাতার এয়ারলাইনসের কর্মকর্তা। একরকম জোর করেই সিদ্দিকের মালপত্র সব নিজের হাতে নিয়ে নিলেন তিনি। এরপর ইমিগ্রেশন পার হওয়া থেকে শুরু করে বিমানে ওঠা পর্যন্ত কোনো কিছু নিয়ে আর মাথা ঘামাতে হয়নি সিদ্দিককে। আসল চমকটা অপেক্ষা করছিল বিমানে। বিমানে পা রেখেই জানা গেল, ইকোনমি ক্লাস থেকে সিদ্দিককে নিয়ে যাওয়া হয়েছে বিজনেস ক্লাসে। সিদ্দিক পরে জেনেছেন, ওই তরুণ একজন দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশি। সিদ্দিকের নাটকের নিয়মিত দর্শক। সে কারণেই শিল্পীর প্রাপ্য সম্মানটা দিতে কসুর করেননি তিনি। অভিনয়ের বিপদও অবশ্য আছে।লোকাল সার্ভিস নাটকের শুটিং চলছে শাহবাগ মোড়ে। হেলপারবেশে সিদ্দিক এক যাত্রীর সঙ্গে মহা হাউকাউ বাধিয়ে দিয়েছেন। ‘ওই মিয়া, ভাড়া দিবেন না মানে? একদম সাইজ কইরা ছাইড়া দিব...’ ইত্যাদি। এরই মধ্যে বলা নেই কওয়া নেই হুট করে এক লোক হাজির, ‘ব্যাটা... হেলপার হইয়া যাত্রীদের ঝাড়ি দিস...’ বলে সোজা সিদ্দিকের পিঠে এক ঘা। আচমকা আক্রমণে সিদ্দিক হতভম্ব। ওই ভদ্রলোক বুঝতেই পারেননি ঝগড়াটা আসলে নাটকের অংশ। ছোটপর্দার প্রিয় মুখ সিদ্দিকুর রহমান শুরুটা করেছিলেন হাউসফুল দিয়ে। তারপর মাইক থেকে হালের গ্র্যাজুয়েট। সবখানেই সিদ্দিক মানেই হুলস্থূল। হাসি আর কান্না বিপরীতমুখী দুই ক্রিয়া। এই দুই ক্রিয়া মিলেই সিদ্দিককে এনে দিয়েছে তারকাখ্যাতি। হাউসফুল নাটকে সারাক্ষণ মুখে ক্যাবলা গোছের একটা হাসি ধরে রেখে বাজিমাত করেছিলেন। মাইক নাটকে ঠিক তার উল্টো চরিত্র; মানে কথায় কথায় ভেউ ভেউ কান্না। সেখানেও যথারীতি বাজিমাত। সর্বসাম্প্রতিক গ্র্যাজুয়েট নাটকে তিনি ‘ইংলিশ ম্যান’। বিনা সংকোচে গুরুতর ভুলভাল ইংরেজি বলেন। দর্শক হেসে গড়াগড়ি খায়। চেষ্টা ছাড়া নাকি জীবনে কিছু হওয়া যায় না। একটি উজ্জ্বল ও সুবিশাল ব্যতিক্রম সুমন পাটওয়ারী। শুরুতেই কবুল করে নিলেন, অভিনেতা হওয়ার মনোবাসনা তাঁর ছিল না কোনো কালেই। কোনো নাটকে অভিনয়ের প্রস্তাব পেলে তিনি শুরুতেই যে চেষ্টাটি নিষ্ঠার সঙ্গে করেন, সেটি হচ্ছে পিছলে বেরিয়ে যাওয়া। কিন্তু একটু বড়সড় মানুষ বলেই সম্ভবত সব সময় সফলভাবে সবাইকে পৃষ্ঠ প্রদর্শন করাটা সম্ভব হয় না। যাঁরা অনুরোধ করেন, তাঁরা সবাই হয় শ্রদ্ধেয় ‘বড় ভাই’, নয়তো ইয়ার দোস্ত। আর সুমন পাটওয়ারীর বন্ধুবান্ধবের তালিকা তো মোটামুটি বলতে গেলে জাতীয় ভোটার তালিকার সঙ্গে পাল্লা দেওয়ার মতো। বিস্তর গাঁইগুঁই করে শেষে সুমন অভিনয় করতে নিমরাজি হন, মানে তাঁর ভাষায় ক্যামেরার সামনে দাঁড়ান। আর তাতেই মারমার কাটকাট। বন্ধুপ্রতিম বড় ভাই গাজী শুভ্রর ‘একান্ত অনুরোধ’ রাখতে অভিনয় করেছিলেন ওয়ারিদের সেই বিজ্ঞাপনে। লুঙ্গি-পাঞ্জাবি পরে সুমন মমতাজের গানের সঙ্গে একটুখানি কাঁধ ঝাঁকালেন কি ঝাঁকালেন না, ব্যস, কেল্লা ফতে! রাতারাতি দেশজুড়ে পরিচিতি। একদম শুরুর ঘর-দোর বারান্দা আর গোটাকয়েক বিজ্ঞাপন বাদ দিলে সুমন পাটওয়ারী সত্যিকার অভিনয়টা করেছেন হাউসফুল ধারাবাহিকে। সেখানেও নাকি তিনি যথারীতি রাজি হতে চাননি। মোস্তফা সরয়ার ফারুকী পছন্দের বড় ভাই। তাঁর অনুরোধ রাখতেই...। জীবনে যদি কিছু হওয়ার থাকে তবে নামজাদা এক গায়কই হবেন। এই ব্যাপারে মোটামুটি সুনিশ্চিত ছিলেন সাব্বীর হোসেন মিশু। বিশ্ববিদ্যালয়ে কম্পিউটারবিজ্ঞান বিভাগে পড়ার সময়ই গান নিয়ে মাতামাতি। বন্ধুবান্ধব মিলে একটা আন্ডারগ্রাউন্ড মেটাল ব্যান্ডও গড়েছিলেন ‘অপার্থিব’ নামে। সেসবে মোটামুটি ইস্তফা দিয়ে এসেছিলেন চ্যানেল আইয়ের বিপণন বিভাগে। তারপর সেখান থেকেও ছুটি নিয়েছেন বেশ কদিন হয়ে গেল। এসবের মধ্যেই অবশ্য বেমালুম পাল্টে গেছে মিশুর জীবন। রাজীব আহমেদের টিনটিন ধারাবাহিকে অভিনয় করেছিলেন। ধারাবাহিকটা খুব বেশি দূর এগোয়নি। কিন্তু মিশুর জীবন পাল্টে দিয়ে গেছে অনেক দূর অবধি। চাকরিবাকরি আর গানের দুনিয়া ছেড়ে মিশু চলে এলেন অভিনেতাদের কাতারে। হ্যালো, হাউসফুল পেরিয়ে হালের এফএনএফ, কিংবা ফিফটি ফিফটি। অতিচালাক আর ‘অতিচাল্লু’ শহুরে তরুণের ভূমিকায় মিশু একরকম অপ্রতিদ্বন্দ্বী। তবে এটুকুতেই খুশি নন মিশু। এটিকে শুধুই একটা শুরু হিসেবে দেখেন। শক্তিমান অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করার সংকল্প আছে মনে। এরই মধ্যে শুরু করে দিয়েছেন হাউসফুল বা হ্যালো নাটকের শহুরে ঘরানার চরিত্র থেকে বেরিয়ে আসার সংগ্রাম। এই যেমন মাহফুজ আহমেদের চৈতা পাগল ধারাবাহিকে মিশু পুরোদস্তুর গ্রামের বখাটে ছেলে। বিশ্বস্ত এক স্যাঙাতকে নিয়ে মোটরসাইকেলে পাড়াময় দাবড়ে বেড়ানো তাঁর প্রধান কাজ। আসছে ঈদে নুরুল আলম আতিকের সাইফুল আর্টিস নাটকেও দেখা যাবে তাঁকে। মিশু সাঁতার জানেন না। কিন্তু একটা দৃশ্যে তাঁকে সাঁতরাতে হবে। পরিচালকও ছাড়বেন না। বলছিলেন মিশু, ‘জানের মায়া না করে চোখ-কান বুজে দিলাম লাফ। কপাল ভালো, কোনোমতে একটা নৌকা ধরে পরে উঠে এসেছি।’ অভিনেতা হওয়াটা তো আর চাট্টিখানি কথা না! বাবার চাকরির সূত্রে বিভিন্ন জায়গায় থাকা হয়েছে অপুর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থিয়েটার করতেন। ওই সময়ই সং নামে একটা নাটকে অভিনয় করে হাততালি পেয়েছিলেন বিস্তর। তার পর থেকে নাটকের জোয়ারে লেখাপড়ায় খানিকটা ভাটা পড়ল। ২০০৪ সালে রাশেদ মামুন (বন্ধুমহলে অপু নামে যিনি পরিচিত) পাড়ি জমান ঢাকায়। বেশ কিছুদিন কাজ করেছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের সহকারী হিসেবে। সেখান থেকে দলছুট হওয়ার পর নিজেই নেমেছিলেন পরিচালনায়। তিথির সমীপে, ঈশ্বরের গল্প নামে দুটো নাটক পরিচালনা করেছেন। কিন্তু শেষতক ব্যাপক পরিচিতি এনে দিয়েছে সেই অভিনয়ই। নাটক রচনা-পরিচালনায় সিদ্ধহস্ত হলেও অপুর অন্যতম পরিচয় এখন সিটিবাস নাটকের তোতা মিয়া। নাটকে অপু রাজশাহীর ভাষায় বেশ রসিয়ে রসিয়ে কথা বলেন। দর্শক হেসে গড়াগড়ি যায়। তবে বাস্তবে দেখা গেল অপু ভীষণ চুপচাপ আর গম্ভীর। একই আড্ডায় বসে সিদ্দিক আর বাকি সবাই যখন মহা উৎসাহে হা হা হি হি করে চলেছেন, অপু সেখানে প্রায় নিশ্চুপ। ‘দর্শক যদি আমাকে পছন্দ করে তবে সেটা দর্শকদের বদান্যতা। অভিনয় নিয়ে আমার উচ্চাশা নেই কোনো।’ এটুকু বলে সুমন পাটওয়ারী খালাস। কিন্তু এই জায়গাটায় আবার অপু দৃৃঢ়সংকল্প। যেকোনো মূল্যে একটা পূর্ণদের্ঘ্য ছবি বানানোর ইচ্ছে তাঁর। কাহিনিটা এখনো জুতমতো পাননি। কিন্তু স্বপ্ন দেখা থেমে নেই। সিদ্দিক অবশ্য এরই মধ্যে শুরু করে দিয়েছেন তাঁর বড় পর্দার জন্য ছবির চিত্রনাট্য লেখার কাজ। শুরু থেকে শেষ—এই ছবি দেখে দর্শক হাসতে হাসতে পেটে খিল ধরিয়ে শেষে হল থেকে বেরোবে। সিদ্দিকের ‘ওপেন চ্যালেঞ্জ’।