চঞ্চল-নাবিলার রসায়ন দেখা যাবে ঈদের পর

শুরু থেকেই আলোচনায় ছিল চঞ্চল ও নাবিলার নতুন ছবি ‘আয়নাবাজি’। তাঁদের একটা অন্য রকম রসায়ন দেখা যাবে অমিতাভ রেজার প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’তে। অবশ্য এরই মধ্যে শুটিং শেষ করে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘আয়নাবাজি’। কিন্তু আপাতত মুক্তি দেওয়ার চিন্তা করছেন না নির্মাতা। কথা প্রসঙ্গে বললেন, ‘আসলে ছবিটি মুক্তির জন্য এই সময়টা আমাদের কাছে উপযুক্ত মনে হচ্ছে না। পরিবেশটা অনুকূলে নেই। তাই আমরা ঈদের পরে ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।’
পরিচালক জানালেন, বর্ষা মৌসুম ও উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির কথা বিবেচনায় রেখে ‘আয়নাবাজি’ চলচ্চিত্রের প্রযোজকেরা চলচ্চিত্রটি আগামী ঈদের পর দেশব্যাপী মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় দেশে চিত্রায়িত এ চলচ্চিত্রটি চলতি আগস্ট মাসে মুক্তির কথা ছিল।
ছবিটি প্রসঙ্গে পরিচালক অমিতাভ রেজা বলেন, ‘“আয়নাবাজি” সব মানুষের ছবি, বাংলাদেশের সব মানুষের সৃজনশীল বিনোদনের জন্য ছবিটি বানানো হয়েছে। আমি আশা করছি, আমার এই ছবিটি দর্শকদের বিনোদন চাহিদার খোরাক মিটিয়ে তাদের মনে জায়গা করে নেবে।’