চঞ্চলে মুগ্ধ আরমান

অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে কথা বলে মুগ্ধ হয়েছেন ভারতীয় টিভি চ্যানেল ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ প্রতিযোগিতায় অংশ নেওয়া কমর উদ্দিন আরমান। গতকাল চঞ্চল চৌধুরীকে নিয়ে একটি স্ট্যাটাস দেন সেরা ছয়ে জায়গা করে নেওয়া এই প্রতিযোগী। সেখানে তিনি লেখেন, ‘চঞ্চল ভাই আমার খুব প্রিয় একজন অভিনেতা। আজ ফেসবুকে ভাইয়াকে নক করলাম প্রথমবার। ফোন নম্বর চাইলাম। সঙ্গে সঙ্গে ফোন নম্বর ইনবক্স করে দিলেন। আমিও সঙ্গে সঙ্গে দিলাম ফোন। ফোন রিসিভ করে পরিচয় দিতেই আমার সঙ্গে এমনভাবে কথা বললেন যেন আমি ভাইয়ার অনেক দিনের চেনা।’
আরমান সপ্তাহ খানেক আগে মীরাক্কেলের সিজন নয়ের ফাইনালের শুটিং শেষ করে দেশে এসেছেন। এসেই যোগ দিয়েছেন তার পুরোনো কাজে। বিনা মূল্যে ঠোঁট ও তালুকাটা রোগীদের চিকিৎসার সঙ্গে জড়িত তিনি। সামাজিক এই কাজ প্রসঙ্গেও গতকাল মঙ্গলবার কথা বলেছেন চঞ্চলের সঙ্গে। এ ব্যাপারে তিনি লিখেছেন, ‘...তারপর কথা হলো আমার কাজ নিয়ে। ঠোঁটকাটা রোগীদের চিকিৎসা নিয়ে। তিনি আমাদের এই কাজের খুব প্রশংসা করে বললেন, আমাদের এই কাজে যদি ভাইয়ার সহযোগিতা প্রয়োজন হয়, তিনি অবশ্যই পাশে এসে দাঁড়াবেন।’
স্ট্যাটাসের শেষ দিকে চঞ্চল সম্পর্কে এবং কথা বলে নিজের অনুভূতি লিখেছেন আরমান। বলেছেন, ‘মনে হলো শুধু ভালো অভিনেতাই নয়, খুব ভালো মনের মানুষ। আজ মনে হলো আমি একটি ট্রফি পেয়ে গেলাম।’
আরমানসহ বাংলাদেশের মোট তিনজন প্রতিযোগী টিকে আছেন মীরাক্কেলের ফাইনাল পর্যন্ত। ১২ জুন জি বাংলায় দেখানো হবে মীরাক্কেলের গ্র্যান্ড ফিনালে।