চঞ্চলের উচ্ছ্বাস

চঞ্চল চৌধুরীকে অভিনয়শিল্পী হিসেবেই সবাই চেনেন, তবে অনুরোধে কিংবা কখনো বা নিজের ভালো লাগা থেকে উপস্থাপনাও করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনয়শিল্পী। অবশ্য তাও হাতে গোনা কয়েকটি অনুষ্ঠানে। তবে চঞ্চল চৌধুরীকে আবারও উপস্থাপক হিসেবে দেখা যাবে। লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার প্রকল্পে উপস্থাপক হিসেবে থাকবেন তিনি আর এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত চঞ্চল চৌধুরী।
প্রথম আলোর সঙ্গে আলাপকালে চঞ্চল বলেন, ‘আমি এমনিতে উপস্থাপনা করি না। দুইবার মেরিল-প্রথম আলো তারকা জরিপ অনুষ্ঠান উপস্থাপনা করেছিলাম। তবে এত বড় আয়োজন এবারই প্রথম। বিষয়টি আনন্দের ও গর্বের।’
চঞ্চল আরও বলেন, ‘লাখো কণ্ঠে জাতীয় সংগীত অনুষ্ঠান উপস্থাপনার বিষয়টি একেবারেই অন্যরকম একটি ব্যাপার। প্রথম এটি আমাদের জাতীয় একটি বিষয়। ইতিহাসের অংশ হয়ে থাকার একটা সুযোগ পেয়ে সত্যিই খুব ভালো লাগছে।’
লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার এই প্রকল্পে চঞ্চল চৌধুরী ছাড়া আর পাঁচজন উপস্থাপক রয়েছেন। এরা হলেন আফজাল হোসেন, অপি করিম, ইরেশ যাকের, আলিফ ও এলিটা। এদের মধ্যে ইরেশ যাকের, আলিফ ও এলিটা—এই তিনজন উপস্থাপনা করবেন ইংরেজিতে আর অন্যরা বাংলায় উপস্থাপনা করবেন।
লাখো কণ্ঠে জাতীয় সংগীত অনুষ্ঠানকে কেন্দ্র করে বাপ্পা মজুমদারের সুর ও সংগীতে একটি গান তৈরি করা হয়েছে। সৈয়দ শামসুল হকের লেখা ‘বাঙালির জয়’ গানটি ‘লাখো কণ্ঠে জাতীয় সংগীত’ আয়োজনের থিম সং হিসেবে ব্যবহার করা হবে। ‘বাঙালির জয়’ গানের শিল্পীরা হলেন সুবীর নন্দী, সাবিনা ইয়াসমীন, এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিত্, সামিনা চৌধুরী, মমতাজ, কনা, এলিটা, কোনাল ও বাপ্পা মজুমদার।
লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার পাশাপাশি অনুষ্ঠানে দেশের গুণী ও জনপ্রিয় বিভিন্ন গান পরিবেশন করবেন বলেও জানা গেছে।