চঞ্চলের জন্য গান লিখলেন মোশাররফ
তাঁরা দুজন অভিনেতা। কেউ বলেন তাঁরা প্রতিদ্বন্দ্বী, কেউ বলেন তাঁরা ভালো বন্ধু। তাঁরা একে অপরকে ‘মামু’ বলে সম্বোধন করেন। একজন মোশাররফ করিম, অন্যজন চঞ্চল চৌধুরী। মোশাররফ এবার গান লিখেছেন চঞ্চলের জন্য। সেই গানে কণ্ঠ দিয়েছেন চঞ্চল; এরই মধ্যে গানে কণ্ঠ দেওয়ার কাজ শেষ হয়েছে। চঞ্চল বললেন, ‘মামু লিখেছে দারুণ। ওর যে লেখালেখির হাতটা ভালো, তা জানতাম। কিন্তু এবার যখন গানটা গাইলাম, তখন দেখলাম, মামুজান অর্থ বুঝে গান লেখে। তার লেখা একটি গানে কণ্ঠ দিতে পেরে খুব ভালো লেগেছে।’জানা গেছে, একটি মিক্সড অ্যালবামের জন্য গান করেছেন চঞ্চল। অ্যালবামে আরও গান করেছেন ফজলুর রহমান বাবু ও শামীম জামান। মোশাররফ বললেন, ‘আমাকে যখন গানটা লিখতে বলা হলো এবং জানলাম চঞ্চল গাইবে, তখন আসলে একট ভাবনা নিয়েই কাজটা করেছি। তবে খুব বেশি সময় লাগেনি। আশা করছি, চঞ্চল ভালোই গেয়েছে। শ্রোতাদের কাছে যদি ভালো লাগে, তবেই আমরা উৎসাহিত হব।’