চটেছেন রিয়ান্না
সম্প্রতি ম্যানচেস্টারে এক মঞ্চ পরিবেশনায় অংশ নেওয়ার সময় বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছিলেন পপ গায়িকা রিয়ান্না। দর্শকেরা তাঁর দিকে খাবার ছুড়তে শুরু করলে প্রচণ্ড চটে যান এ তারকা সংগীতশিল্পী। মাঝপথে গান গাওয়া থামিয়ে মঞ্চ থেকে নেমে চলে যান ২৫ বছর বয়সী এ গায়িকা। ডায়মন্ড বিশ্ব সফরের অংশ হিসেবে সম্প্রতি ম্যানচেস্টারের এমইএন এরিনায় এক সংগীতানুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেখানে রিয়ান্নার গান গাওয়ার একপর্যায়ে দর্শক তাঁর দিকে খাবারের টুকরো ছুড়তে থাকে। দর্শকদের অনাকাঙ্ক্ষিত এ আচরণে যারপরনাই বিব্রত ও ক্ষুব্ধ হন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ গায়িকা ও অভিনেত্রী। রেগে একপর্যায়ে গান গাওয়াই থামিয়ে দেন তিনি। মঞ্চ থেকে নামার আগে উপস্থিত দর্শকদের কড়া কথা শোনাতেও ভোলেননি রিয়ান্না। এক খবরে এ তথ্য জানিয়েছে কনট্যাক্টমিউজিক। দর্শকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে রিয়ান্না বলেন, ‘পাগলামির দুটি ধরন আছে—ভালো ও মন্দ। আপনারা যা করছেন, তা মন্দের মাত্রাকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে যাচ্ছে। এভাবে আজেবাজে জিনিস ছুড়ে কোনো শিল্পীকে অপমান করে আপনারাই পরাজিত হচ্ছেন। ঈশ্বরের দোহাই লাগে, আপনারা এসব ছোড়া বন্ধ করুন।’