চট্টগ্রাম যাচ্ছে আইসক্রিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আইসক্রিম’ চলচ্চিত্রের একটি দৃশ্য
‘আইসক্রিম’ চলচ্চিত্রের একটি দৃশ্য

চট্টগ্রাম যাচ্ছে ‘আইসক্রিম’ ছবিটি। তবে প্রেক্ষাগৃহে নয়, এটি প্রদর্শিত হবে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে। পরিচালক রেদওয়ান রনি জানান, আগামী ১৫ থেকে ১৯ মে পাঁচ দিনব্যাপী চলবে এ প্রদর্শনী। প্রতিদিন চারটি করে শো হবে। সকাল ১১টায় শুরু হবে প্রথম শো, দুপুর ২টায় দ্বিতীয় শো। এরপর বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সাতটায়।
বিশেষ প্রদর্শনীর জন্য টিকিটের দাম ধরা হয়েছে দেড়শ টাকা। তবে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে একশ টাকায় ছবিটি উপভোগ করতে পারবে। এর আগে গেল সপ্তাহে ‘আইসক্রিম’ বিশেষ ব্যবস্থায় প্রদর্শিত হয় কুমিল্লায়। দর্শকেরা বেশ উৎসাহ নিয়ে ছবিটি দেখেন।
‘চোরাবালি’র পর তিন নতুনকে নিয়ে দ্বিতীয় সিনেমা নির্মাণ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রেদওয়ান রনি। এটি মুক্তি পায় ২৯ এপ্রিল। চলচ্চিত্রটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করছেন নাজিফা তুষি, রাজ ও উদয়। এ ছাড়া এতে আরও রয়েছেন এটিএম শামসুজ্জামান, ওমরসানি, প্রয়াত দীতি ও সায়েম সাদাত। পরিচালক জানিয়েছেন, বিশেষ ব্যবস্থায় ক্রমান্বয়ে সারা দেশে দেখানো হবে ‘আইসক্রিম’।