চট্টগ্রাম স্টেডিয়ামে মনমাতানো কনসার্ট
দুপুর থেকেই প্রতীক্ষা। দীর্ঘ লাইন পেরিয়ে এম এ আজিজ স্টেডিয়ামের মাঠে ঢুকেই আনন্দে আত্মহারা তরুণ-তরুণীরা। বেলা সাড়ে তিনটার দিকে অর্থহীন ‘এক মুঠো গোলাপ’ গানটি দিয়ে তাদের পরিবেশনা শুরু করে শ্রোতাদের প্রতীক্ষার অবসান ঘটায়। এর পর থেকে ব্যান্ডশিল্পীরা গানে গানে মাতিয়ে রেখেছিলেন স্টেডিয়ামের শ্রেতাদের। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক গতকাল শুক্রবার ‘সংগীতের শক্তিতে দিনবদলের অনুপ্রেরণায়’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করে। এতে গান শুনিয়েছেন শিল্পী হাবিব এবং দেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবি, মাইলস, ওয়ারফেজ ও অর্থহীন। অর্থহীন একে একে পাঁচটি গান শোনায়। ওয়ারফেজ গেয়েছে ‘নেই প্রয়োজন’, ‘অসামাজিক’, ‘স্বাধিকার’সহ নয়টি গান। মাইলস এসেই গিটার আর ড্রামসের বাজনায় মাতিয়ে দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলে। তাদের পরিবেশনায় ছিল ‘কোন দরদিয়া আমায়’, ‘তোমার চোখে আমার শেষ ঠিকানা’, ‘চাঁদ আর সূর্য নও তুমি’, ‘ফিরিয়ে দাও’ ইত্যাদি। এলআরবির জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চু বলেন, ‘চট্টগ্রামেই আমার জন্ম, তাই বারবার এখানে ফিরে আসি। এ পর্যন্ত যেখানেই কনসার্ট করেছি সবচেয়ে বেশি দর্শক-শ্রোতা পেয়েছি চট্টগ্রামেই। চট্টগ্রামের মানুষ ব্যান্ডসংগীত খুব পছন্দ করে।’ আইয়ুব বাচ্চুর পর মঞ্চে আসেন হাবিব।