চট্টগ্রামে কাল বসন্ত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ডিসি হিলে কাল রোববার বসন্তকে বরণ করবে আবৃত্তি সংগঠন বোধন। ‘নিবিড় অনন্ততর বসন্ত এলো প্রাণে’ শিরোনামে এই আয়োজন শুরু হবে সকাল আটটায়। বোধনের সাধারণ সম্পাদক সোহেল আনোয়ার জানান, এর আগে আরও চারবার বোধন এই বসন্ত উৎসবের আয়োজন করেছে। আর চট্টগ্রামে এখন তা জাতীয় উৎসবে রূপ নিয়েছে। বিভিন্ন বাদ্যযন্ত্রে রাগ ভৈরবী পরিবেশনের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। সকাল আটটা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল সাড়ে চারটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত বসন্ত উৎসবের অনুষ্ঠান হবে। এখানে থাকবে একক ও দলীয় গান, নাচ, আবৃত্তি, যন্ত্রসংগীত ও কথামালা। থাকবে আদিবাসীদের অংশগ্রহণও। পাশাপাশি বিশিষ্ট চিত্রশিল্পীরা তাঁদের ক্যানভাসে ফুটিয়ে তুলবেন ঋতুরাজ বসন্তকে। তিনি আরও জানান, বসন্ত উৎসবকে ঘিরে বিকেল তিনটায় শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। পুরো আয়োজনটি দেশ টিভি সরাসরি সম্প্রচার করবে।