
অ্যাকোর্ডিয়ান বাজিয়ে গান শুনিয়েছেন ফরাসি শিল্পী মারিয়ঁ সিলা। নিজে গান ও কবিতা লেখেন। গত মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজে দর্শকদের অভিভূত করেছেন তিনি। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় বিশ্ব সংগীত দিবস উদ্যাপনের আয়োজন করেছিল চট্টগ্রামের ফরাসি দূতাবাসের সংস্কৃতিকেন্দ্র।
সন্ধ্যা সাতটা থেকে লাতিন আমেরিকান ছন্দে, কখনো জাপানি, কখনো ফরাসি লোকসংগীতের সুরে দর্শকদের বিমোহিত করেছেন সিলা। ফরাসি ভাষার গানের কথাগুলো না বুঝলেও শিল্পীর বাদন, সুর ও গানের সঙ্গে আলতো নাচ ছুঁয়ে গিয়েছিল সবার হৃদয়। গানের মধ্যবর্তী বিরতিতে কৌতুকপূর্ণ সব মন্তব্য আনন্দ দিয়েছে দর্শকদের। তিনি পরিবেশন করেন বৈচিত্র্যময় ‘পৃথিবীর কান্না’, ‘মুরগির লড়াই’, ‘হৃদয়ের পাখি’, ‘জাপানের সুর’ ও ‘পানামা’ সুর।
ছোটবেলায় পিয়ানোতে হাতেখড়ি মারিয়ঁ সিলার। এরপর ২৩ বছর বয়স থেকে অ্যাকোর্ডিয়ন বাজান। কনসার্টে অংশ নিয়েছেন মেক্সিকো, গুয়াতেমালাসহ বিভিন্ন দেশে। মঙ্গলবারের অনুষ্ঠানে অতিথি ছিলেন ফ্রান্সের বিদেশ মন্ত্রণালয়ের কর্মকর্তা বেরথোনে, ফ্রাদাঁ থিরোদ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহসভাপতি তাহিমিদুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থাটির পরিচালক রাফায়েল ইয়েগার।