চট্টগ্রামে গ্রুপ থিয়েটার উৎসবে মঞ্চস্থ হলো মৃত্যুপাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যপ্রেমী আর নাট্যজনদের পদচারণে মুখর এখন চট্টগ্রাম শিল্পকলা একাডেমী চত্বর। ১১ দিন ধরে এখানে চলছে গ্রুপ থিয়েটার উৎসব। আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম।
গতকাল মঙ্গলবার উৎসবের দশম দিনে শিল্পকলার মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটক মৃত্যুপাখি। নাটকের দল উত্তরাধিকার প্রযোজিত নাটকটির মূল উপজীব্য আমাদের মহান মুক্তিযুদ্ধ। নাটকে দেখা যায়, একটি জাতীয় দৈনিকে ‘সেই রাজাকার’ নামে প্রকাশিত হচ্ছিল ধারাবাহিক লেখা। সংবাদপত্রের পাতাগুলো কীভাবে বদলে যায়। দৈনিকের পাতাগুলো রূপ নেয় পাখিতে। একাত্তরের ঘাতকদের ঘটানো প্রতিটি কাহিনিই পাখিদের ঠোঁটে উঠে আসে। কিন্তু এই ঘাতকদের পরাজয়ের গল্প বলবে আমাদের মস্তিষ্কে জন্ম নেওয়া পাখি। এই ভাবনারই বহিঃপ্রকাশ মৃত্যুপাখি।
নাটকটি রচনা করেছেন তানভির আহমেদ এবং নির্দেশনা দিয়েছেন মোসলেম উদ্দিন সিকদার। সেট ও পোশাক পরিকল্পনা করেছেন আলী আহমেদ, কোরিওগ্রাফি প্রমা অবন্তী, আবহ সংগীত পরিকল্পনায় ছিলেন মঈনউদ্দিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অসিত দাশ, মঈন উদ্দিন, জাহেদুল আলম, রাজিউল হাসান, মাহমুদ রাসেল, বিটু ভৌমিক, জামাল উদ্দিন, সাইফুল ইসলাম, পরিতোষ দাশ, কনক দত্ত, জাহিদুল ইসলাম, নাসরিন সুলতানা, গুলশান আরা এবং সুনয়ন দেবনাথ। এর আগে সন্ধ্যা ছয়টায় মিলনায়তনের বাইরে অনিরুদ্ধ মুক্তমঞ্চে ত্রিতরঙ্গ দলের আবৃত্তি এবং প্যান্টোমাইম মুভমেন্টের মূকাভিনয় উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।