চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় তারকা-শিল্পীরা
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দুই মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিলেন তারকা-শিল্পীরা।শুক্রবার আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে লোকগানের শিল্পী ও সাংসদ মমতাজ এবং অভিনেত্রী ও সাংসদ তারানা হালিম নগরের বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন। অন্যদিকে আসিফ শনি ও রোববার বিএনপি-জামায়াত-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মন্জুর আলমের পক্ষে গণসংযোগ করেন।তারকা-শিল্পীরা যেখানেই যান, সেখানে সাড়া পড়ে যায়। কথা ও গানে ভোটারদের মন জয় করার চেষ্টা করেন তাঁরা।এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটি গান তৈরি করেছেন মমতাজ। ‘টেংরা মাছের তিনটি কাঁটা/মহিউদ্দিন বাপের বেটা’ এ গান গেয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করেন তিনি। মমতাজ গণসংযোগ শুরু করেন পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে। এরপর ইপিজেড মোড়, কাটগড়, আগ্রাবাদ, মাদারবাড়ী, ফিরিঙ্গিবাজার, বাকলিয়া, রাহাত্তারপুল ও কালামিয়া বাজারে গানে গানে ভোট চান মহিউদ্দিনের জন্য।অন্যদিকে শনিবার সকালে ইপিজেড মোড় থেকে গণসংযোগ শুরু করেন আসিফ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে তাঁর গাওয়া গানটি ছিল, ‘জন্ম তোমার যুদ্ধে যাবার/নেতা হবার/সিপাহি জনতার।’ পোর্ট কানেকটিং রোড, লালখান বাজার, পাহাড়তলি, মতিঝরনা, খুলশী, পাঁচলাইশ ও বাকলিয়া এলাকায় মন্জুর আলমের পক্ষে ভোট চান আসিফ। সেখানে কথার ফাঁকে এ গানটি গেয়ে দর্শকদের মুগ্ধ করেন তিনি।আসিফ বলেন, ‘দলের নির্দেশে মন্জুরের জন্য ভোট চাইতে গিয়েছিলাম।’মমতাজ বলেন, ‘ভোটাররা আমার কাছে জনপ্রিয় গানগুলো শুনতে চেয়েছেন।’