চট্টগ্রামে বসন্ত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসি হিলের পলাশ ফুলের গাছটি ঋতুরাজের আগমনী বার্তা ঘোষণা করেছে আগেই। বাসন্তী রঙে রাঙা পলাশের ঢালে ঢালে টিয়া আর কাঠবিড়ালি, তাদের মনেও যেন রং লেগেছে। গতকাল রোববার এই বাসন্তী রং ছড়িয়ে পড়েছিল ডিসি হিলের সমগ্র চত্বরে। বোধন আবৃত্তি পরিষদের বসন্ত উৎসবে সমবেত তরুণ-তরুণীর পোশাকে আশাকে মূর্ত হয়ে ধরা দিচ্ছিল ঋতুরাজ বসন্ত।বিভিন্ন সংগঠনের শিল্পীরা ‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে’, ‘একটুকু ছোঁয়া লাগে’, ‘আহা আজি এ বসন্তে’ প্রভৃতি গান পরিবেশন করেন। দলীয় সংগীত পরিবেশন করে সুকণ্ঠ সংগীতালয়, অভ্যুদয় শিল্পীগোষ্ঠী, উদীচী, সংগীত ভবন এসব সংগঠন।নৃত্য পরিবেশন করে নটরাজ, ওডিসি অ্যান্ড ট্যাগোর ডান্স মুভমেন্ট, গুঙ্ঘর নৃত্যকলা একাডেমি, দীপালয় নৃত্যকলার শিল্পীরা। পরিবেশিত হয় আদিবাসী নৃত্যও। শুধু কি নৃত্য, রণজিৎ রক্ষিত আবৃত্তি করেন রবিঠাকুরের ‘বসন্ত’ কবিতাটি। আবৃত্তি করেন মিথিলা চৌধুরীও। ছিল দলীয় আবৃত্তি। দুপুরে বসন্ত উৎসব মঞ্চে ক্যানভাসে রং-তুলির আঁচড়ে বসন্তকে জাগ্রত করে তোলেন শিল্পী মনসুর উল করিম, এম এ কাইয়ুম, নাসিমা মাসুদ, প্রণব মিত্র, সৌমেন দাশ প্রমুখ।এ ছাড়া একক সংগীত পরিবেশনায় ছিলেন মানস পাল চৌধুরী, কল্পনা লালা, সনজিৎ আচার্য, গায়ত্রী কবীর, প্রেমসুন্দর বৈষ্ণব প্রমুখ। তবে বসন্ত উৎসবে সবকিছুকে ছাপিয়ে যায় ঢোলবাদন ও বিকেলে উৎসব উপলক্ষে বের হওয়া শোভাযাত্রাটি। ঋতুরাজকে স্বাগত জানিয়ে বের হওয়া শোবাযাত্রা সেজেছিল বর্ণিল সাজে। এতে বাদ্যযন্ত্রের তালে তালে নেচেছে অংশগ্রহণকারীরা।