চট্টগ্রামে বিভাগীয় নাট্যোৎসব
আজ থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় নাট্যোৎসব। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুদিনের এ নাট্যোৎসবে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নাট্যকর্মীরা অংশ নেবেন। আগামীকাল উৎসবের শেষ দিন। ‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ শীর্ষক কর্মসূচির আওতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমীগুলোর ব্যবস্থাপনায় দেশের প্রতি জেলায় একটি করে মোট ৬৪টি জেলায় ৬৪টি কলেজে একটি নতুন মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নির্মাণ কার্যক্রম দেশের সব জেলায় সম্পন্ন হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি ঢাকায় এক দিনের একটি কর্মশালার মাধ্যমে এ কর্মসূচির শুরু হয়। এই প্রথমবারের মতো সারা দেশে প্রতিটি জেলায় একটি করে কলেজে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নির্মাণ করা হচ্ছে। স্বাধীনতাসংগ্রাম এবং গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরার জন্যই এই আয়োজন করা হয়েছে।চট্টগ্রাম বিভাগীয় নাট্যোৎসবে কক্সবাজার সিটি কলেজ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, আশুগঞ্জ সার কারখানা কলেজ, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং রাঙামাটি সরকারি কলেজ অংশ নেবে। শিল্পকলা একাডেমী সূত্রে জানা গেছে, উৎসবের পরিকল্পনা অনুযায়ী বরিশাল, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগীয় নাট্যোৎসব ফরিদপুর, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ শহরে এবং ও চট্টগ্রাম বিভাগীয় নাট্যোৎসবের চাঁদপুর অংশের নাট্যোৎসব সম্পন্ন হয়েছে।