চট্টগ্রামে মাদকবিরোধী কনসার্টে তারার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শুক্রবার চট্টগ্রামের ফয়’স লেক সি ওয়ার্ল্ড ওয়াটার পার্কে আয়োজন করা হয়েছে ‘বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্ট’। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত জগতের নামীদামি তারকারা। বেলা দুইটায় সংগীত আর অভিনয়শিল্পীরা একই মঞ্চে দাঁড়িয়ে মাদককে ‘না’ বলার জন্য সবাইকে আহ্বান জানাবেন। এখানে গান করবেন মাহমুদুজ্জামান বাবু, বালাম, মিলা, হূদয় খান ও আরফিন রুমী। বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন মৌসুমী, পূর্ণিমা, মাহফুজ আহমেদ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইমন ও শখ। অনুষ্ঠানে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানাবেন বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আবদুন নূর তুষার। অনুষ্ঠানে মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর সংগীত পরিবেশনের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া নিজের পছন্দের একটি গানের সঙ্গে নাচ করবেন শখ। উল্লেখ্য, এর আগে ১০ জুন ঢাকার আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে ‘বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্ট’ অনুষ্ঠিত হয়। ‘বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্ট’-এর মিডিয়া পার্টনার চ্যানেল আই এবং এবিসি রেডিও। সহযোগিতায় থাকছে কনকর্ড ও প্রথম আলো বন্ধুসভা।