চট্টগ্রামে রবীন্দ্রনাথের বাউল সুরের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথের বাউল সুরের গান নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ছিল গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে। অভ্যুদয় সংগীত অঙ্গন তাদের তিন বছর পূর্তি উপলক্ষে এই অয়োজন করে। থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’ শীর্ষক এই রবীন্দ্রসংগীত সন্ধ্যাটি মুগ্ধ করেছে উপস্থিত শ্রোতাদের। প্রথম পর্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। বিশেষ অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বরেণ্য সংগীতশিল্পী অজিত রায়। অতিথিরা মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।সমবেত কণ্ঠে ‘যিনি সকল কাজের কাজী’ পরিবেশনা দিয়ে গানের পর্ব শুরু। এরপর কখনো একক, কখনো দ্বৈত আবার কখনো সমবেত শিল্পীরা রবীন্দ্রনাথের বাউল অঙ্গের ২৩টি গান পরিবেশন করেন। অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন শ্রেয়সী রায়।বাউল সুরের এসব গানের মধ্যে উঠে এসেছে চলমান বসন্তের কথাও। গানগুলোর মধ্যে ছিল ‘আমার খোলা হাওয়া’, ‘ও আমার দেশের মাটি’, ‘বাংলার মাটি বাংলার জল’-এর মতো বাউল সুরের দেশের গানের পরিবেশনাও। রবীন্দ্রসংগীতের পাশাপাশি ছিল রবীন্দ্র রচনা পাঠও। পাঠ করেন প্রবীর পাল।একক সংগীত পরিবেশন করেন শ্রেয়সী রায়, হৈমন্তী, শর্মিষ্ঠা, পিয়া কামনাশীষ। তাঁরা পরিবশন করেন ‘আমার যা আছে’, ‘আমি কান পেতে রই’, ‘আমি তখন ছিলেম’, ‘আকাশে দুহাতে প্রেম বিলায়’ এসব গান।‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়। গানটিতে কণ্ঠে মেলান উপস্থিত দর্শকেরাও। এরপর বৃষ্টিস্নাত পথ মাড়িয়ে বাড়ি ফেরা।