চট্টগ্রামে সাতজন পেলেন ক্লোজআপ ওয়ান ‘ইয়েস কার্ড’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর বিরতির পর ‘স্বপ্ন সাধনা সাহসে গাও আত্মবিশ্বাসে’ স্লোগান নিয়ে এ বছর শুরু হয়েছে সংগীত প্রতিভা অন্বেষণমূলক টিভি রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ-২০১২’। ঢাকা অঞ্চলের পর সম্প্রতি চট্টগ্রামে শেষ হয়েছে এ প্রতিযোগিতার অডিশন ও সিলেকশন রাউন্ড। চূড়ান্ত বাছাই শেষে চট্টগ্রাম অঞ্চল থেকে মোট সাতজন প্রতিযোগীকে ইয়েস কার্ড দেওয়া হয়েছে।এ বছর চট্টগ্রাম অঞ্চলের জন্য নাম নিবন্ধন করেছিলেন ১৫ হাজার ৩৫০ জন প্রতিযোগী। চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ১২, ১৩ ও ১৪ সেপ্টেম্বর অডিশন এবং ১৪ ও ১৫ সেপ্টেম্বর সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়। ‘ইয়েস কার্ড’ পাওয়া প্রতিযোগীরা সিলেকশন রাউন্ডে চূড়ান্ত বাছাইয়ের জন্য ক্লোজআপ ওয়ানের মূল বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফাহমিদা নবী ও পার্থ বড়ুয়ার মুখোমুখি হন। এর আগে প্রাথমিক বাছাই পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন সুজেয় শ্যাম, লিটন অধিকারী রিন্টু, লাবু রহমান, অনুপ ভট্টাচার্য, পিয়ারু রহমান, মিলন মাহমুদ, জালাল আহমেদ প্রমুখ।বাংলাদেশের মোট ১০টি কেন্দ্রে প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হচ্ছে। কুমিল্লার অডিশন ও সিলেকশন রাউন্ডের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর। কিউ প্যালেস অডিটরিয়ামে আজ সকাল ১০টা থেকে শুরু হয়েছে অডিশন রাউন্ড। এখানে অংশ নিচ্ছেন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার প্রতিযোগীরা। কুমিল্লার পর সিলেটে অনুষ্ঠিত হবে অডিশন ও সিলেকশন রাউন্ড। ১৮ সেপ্টেম্বর সকাল ১০টায় সিলেটের নির্ভানা অডিটরিয়ামে শুরু হবে অডিশন রাউন্ড। সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হবে সাইফুর রহমান অডিটরিয়ামে।এ বছর ক্লোজআপ ওয়ান পরিচালনা করছেন এনটিভির নির্বাহী প্রযোজক আলফ্রেড খোকন। তিনি জানিয়েছেন, ‘বিচারকেরা গানের উপস্থাপনা, গান নির্বাচন, বাচনভঙ্গিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দিচ্ছেন। যেসব প্রতিযোগী গান শিখে আসছেন না, তাঁরা বিভিন্ন যোগ্যতার বিচারে পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হতে পারছেন না।’ এ ছাড়া প্রতিযোগীদের সুবিধার্থে বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থাও রাখা হয়েছে। প্রত্যেক প্রতিযোগীর স্বাস্থ্যসেবার বিষয়টি নিশ্চিত করতে সার্বক্ষণিক একজন অভিজ্ঞ চিকিত্সক থাকছেন।ইয়েস কার্ড পেতে প্রতিযোগীদের প্রায় সব ধরনের গানই গাইতে হচ্ছে। ক্লোজআপ ওয়ানের চতুর্থ আসর ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় গত ৫ জুলাই এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে শুরু হয়েছিল। সারা দেশ থেকে এবারের প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী প্রায় ৫০ হাজার প্রতিযোগী নাম নিবন্ধন করেছেন। তাঁদের প্রত্যেকে ১৬ থেকে ৩০ বছর বয়সী এবং বাংলাদেশের নাগরিক।এ বছর ক্লোজআপ ওয়ানের প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগী পুরস্কার হিসেবে পাবেন ১০ লাখ টাকা এবং একটি গাড়ি। দ্বিতীয় পুরস্কার পাঁচ লাখ ও তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে তিন লাখ টাকা। ক্লোজআপ ওয়ান প্রচারের দিনক্ষণ এখন পর্যন্ত চূড়ান্ত না হলেও নভেম্বর মাস থেকে এর প্রচার শুরু হতে পারে বলে জানিয়েছেন আলফ্রেড খোকন।