চট্টগ্রামে ‘রানওয়ে’র সফল যাত্রা
সিনেমা হলে মুক্তি দেওয়ার আগে তারেক মাসুদ পরিচালিত ‘রানওয়ে’ চলচ্চিত্রটি দেশের বিভাগীয় শহরের বিভিন্ন মিলনায়তনে প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছেন। এরই প্রক্রিয়া হিসেবে সারা দেশের বিভিন্ন স্কুল-কলেজে ডিজিটাল পদ্ধতিতে ছবিটি প্রদর্শনী করা হবে। প্রদর্শনীর অংশ হিসেবে রানওয়ের যাত্রা শুরু হয়েছে বন্দরনগর চট্টগ্রাম থেকে। মহান বিজয় দিবস উপলক্ষে গত দুই দিনব্যাপী বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ছবিটির দুটি বাণিজ্যিক প্রদর্শনীর আয়োজন করা হয়ে। আজ শুক্রবারও ছবিটির তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীর সময় হলো—বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটা।চট্টগ্রামের প্রদর্শনীর নিয়ে তারেক মাসুদ বলেন, ‘আমি আসলে অবাক হয়েছি, এখানকার দর্শকদের ছবিটির প্রতি আগ্রহ নিয়ে। চট্টগ্রামের দর্শকেরা আমাকে একেবারে বোকা বানিয়ে দিয়েছে। গত দুই দিন ছবিটির প্রতিটি প্রদর্শনীতে দর্শক পরিপূর্ণ ছিল।’তারেক মাসুদ এও বলেন, ‘চট্টগ্রামে আমরা যে উদ্দেশ্য নিয়ে রানওয়ে চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন করেছিলাম সেটা শতভাগ সফল। এ সফলতার পুরোটা কৃতিত্ব চট্টগ্রামের দর্শকদের। তাদের আগ্রহের প্রতি সম্মান রেখেই ছবিটির প্রদর্শনী এক দিন বাড়াতে হয়েছে। চট্টগ্রামে ছবিটির প্রদর্শনীতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপচে পড়া ভিড় ছিল।’চট্টগ্রামের পর ২৩ ডিসেম্বর থেকে সিলেটে রানওয়ে প্রদর্শিত হবে। সিলেটের পর সব বিভাগীয় শহরে এবং জেলাশহরগুলোতে রানওয়ের প্রদর্শনী করা হবে। তারপরই এটি বড় প্রেক্ষাগৃহের দর্শকদের জন্য মুক্ত করে দেওয়া হবে।ছবিটির প্রথম বাণিজ্যিক প্রদর্শনী চট্টগ্রামে আয়োজন প্রসঙ্গে তারেক মাসুদ বললেন, ‘জেলা শহরভিত্তিক চলচ্চিত্র সংসদ ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সহযোগিতায় ঢাকার বাইরে রানওয়ে ছবির সীমিত প্রদর্শনীর যাত্রা শুরু হয়েছে। এ ক্ষেত্রে উদ্বোধনী শহর হিসেবে চট্টগ্রামকে বেছে নিয়েছি সংগত কারণে। শ্রুতিচিত্র ও চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। এখানে মূল ছবি রানওয়ের সঙ্গে আরও দেখানো হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “নরসুন্দর”।’চট্টগ্রামে ছবিটির প্রদর্শনীর পাশাপাশি দর্শক এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মতামত নিয়ে বাংলা সিনেমা এবং এর নানাদিক নিয়ে বেশ কটি তথ্যচিত্রের কাজও করছেন নির্মাতা তারেক মাসুদ। এসব তথ্যচিত্র আমাদের সিনেমাশিল্পের উন্নতি সাধনে কিছুটা হলেও ভূমিকা রাখতে পারবে বলে জানা তিনি।