চট্টগ্রামে 'শুনতে কি পাও!'
কামার আহমাদ সাইমনের ছবি শুনতে কি পাও! আজ দেখতে পাবেন চট্টগ্রামের দর্শকেরা। আজ চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে ছবিটির প্রদর্শনী হবে বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায়।
ছবির প্রযোজক সারা আফরীন গতকাল শুক্রবার জানান, স্টার সিনেপ্লেক্সে তৃতীয় সপ্তাহের মতো শুনতে কি পাও! ছবির প্রদর্শনী হচ্ছে বেলা একটা ৫০ মিনিটে।
পরিচালক কামার আহমাদ সাইমন বলেন, ‘বছর চারেক আগে খুলনার দক্ষিণাঞ্চলে দাকোপ থানার সুতারখালি গ্রামে গিয়েছিলাম। ২০ মাস আমরা সেখানে থেকেছি। গ্রামের সাধারণ মানুষের প্রতিদিনের জীবন কাছ থেকে দেখেছি, ক্যামেরাবন্দী করেছি। শুনতে কি পাও! ছবিটি সেই সব মানুষের জীবনের এক সংক্ষিপ্ত উপাখ্যান।’
গত বছর এপ্রিলে প্যারিসে অনুষ্ঠিত ইউরোপের অন্যতম প্রামাণ্যচিত্র উৎসব সিনেমা দ্যু রিলের ৩৫তম আসরে সর্বোচ্চ পুরস্কার ‘গ্রাঁঁপি’ জিতেছিল শুনতে কি পাও! ছবিটি। আর এ বছর ফেব্রুয়ারি মাসে মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (এমআইএফএফ) পেয়েছে সেরা ছবির পুরস্কার ‘স্বর্ণশঙ্খ’।