চট্টগ্রামের অডিও বাজারে হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশির দশকের শেষের দিকে জাহেদ ইলেকট্রনিকস থেকে বাজারে এসেছিল শিল্পী আবদুল মান্নান রানার অ্যালবাম যেখানে যাও ভালো থেকো। সেই অ্যালবাম শুধু চট্টগ্রাম নয়, শ্রোতাপ্রিয় হয়েছিল সারা দেশে। ওই প্রতিষ্ঠান থেকে বের হয়েছিল আইয়ুব বাচ্চু ও সাইফুদ্দীন মাহমুদ খানের অ্যালবাম। সোলসের সাড়া জাগানো কলেজের করিডোরে এসেছিল জাহেদ ইলেকট্রনিকসের ব্যানারে।আধুনিক গানের অ্যালবাম দিয়ে যখন বাজার মাত করেছিল প্রতিষ্ঠানটি, তখনই সেলিম নিজামী নামের খুদে এক শিল্পীর কাওয়ালি গানের অ্যালবাম রওজা মিলগ্যায়া ঝড় তুলে সংগীতাঙ্গনে। সেটি বাজারে এনেছিল আমিন স্টোর। তখন আঞ্চলিক গানের কিংবদন্তি জুটি শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈঞ্চব এবং সঞ্জিৎ আচার্য ও কল্যাণী ঘোষও গ্রামোফোন রেকর্ড ছেড়ে অডিও অ্যালবামে গান নিয়ে এসেছেন বাজারে। শ্যাম-শেফালীর হরতাল, আর সঞ্জিৎ-কল্যাণীর আস্তে ধীরে চালাও গাড়িসহ অনেক অ্যালবাম সুপারডুপার হিট হয়। এরপর চট্টগ্রামের অডিও বাজারে রাজত্ব করেছেন সিরাজুল ইসলাম আজাদ, সেলিম নিজামী, শিমুল শীল।১৯৯০ থেকে ২০০৫ সাল পর্যন্ত প্রতিবছর দুই ঈদে শতাধিক অ্যালবাম বের হতো। আশির দশকে আধুনিক, আঞ্চলিক ও মরমি-মাইজভান্ডারি—এই তিন ধরনের গানের অ্যালবাম ব্যবসাসফল হয়েছে। পরে অবশ্য আঞ্চলিক ও মরমি-মাইজভান্ডারি গানের বাজারই ছিল রমরমা—একেবারে কমে যায় আধুনিক গানের চাহিদা।২০০৭ সাল থেকে চট্টগ্রামের অডিও বাজারে আঞ্চলিক ও মরমি-মাইজভান্ডারি গানের অ্যালবামের চাহিদাও কমতে থাকে। অডিও বাজারে নেমে আসে দুর্দিন। হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান লোকসান স্বীকার করে সেই সোনালি অতীত ফিরিয়ে আনার চেষ্টা করলেও অডিও বাজারে প্রাণ আসছে না।এবার ঈদে আমিন স্টোর মাত্র একটি অ্যালবাম (কী মায়া লাগাইলা, শিল্পী হারুন) বাজারে ছাড়ছে। অথচ তিন-চার বছর আগে ২০-২৫টি অ্যালবাম ছাড়ত ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান। শাহ আমানত অডিও কমপ্লেক্সও কোনো অ্যালবাম ছাড়ছে না। গত এক দশকের সবচেয়ে হিট শিল্পী সিরাজুল ইসলাম আজাদের অ্যালবাম নেই বাজারে তিন বছর। অথচ তাঁর প্রথম অ্যালবাম হেডমাস্টর চট্টগ্রামে ক্যাসেট বিক্রির অতীত সব রেকর্ড ভঙ্গ করেছিল। কেবল বিচ্ছেদ গানের জনপ্রিয় শিল্পী সেলিম নিজামী ও মোহছেন আউলিয়ার গান গেয়ে বিপুল খ্যাতি পাওয়া শিমুল শীলের অ্যালবাম নিয়মিত বের হয়েছে।বাজারে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও সঞ্জিৎ আচার্য, কল্যাণী ঘোষ ও সিরাজুল ইসলাম আজাদ কেন অ্যালবাম করছেন না, তা অনুসন্ধান করতে গিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ও শিল্পীদের কাছ থেকে বিপরীতমুখী বক্তব্য পাওয়া গেল।প্রযোজনা প্রতিষ্ঠানের কয়েকজন মালিক বললেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে বাজারের অবস্থা খারাপ। এখন মুঠোফোন, এমপি থ্রি, এমপি ফোর অডিও জগতের বারোটা বাজিয়ে ছেড়েছে। শ্রোতারা এখন টাকা দিয়ে অ্যালবাম কেনে না, মুঠোফোনে পছন্দের গান ডাউনলোড করে নেয়।আমিন স্টোরের মালিক নুরুল আমিন বললেন, ‘বাজারের অবস্থা খারাপ, সেটা ঠিক; এর চেয়েও বড় কথা, জনপ্রিয় শিল্পীরা অ্যালবাম করতে যে পারিশ্রমিক চান, তা উঠে আসে না। তাই অ্যালবাম করে লোকসান দেবে কে?’কল্যাণী ঘোষ অবশ্য ভিন্ন কথা বললেন, ‘চট্টগ্রামের অডিও বাজারের পরিবেশ আগের মতো নেই। অল্প পুঁজিতে বেশি লাভের আশায় নকল ও কুরুচিপূর্ণ কথায় অ্যালবাম করছে কিছু প্রতিষ্ঠান। তাদের কাছে ভালো শিল্পী বা ভালো গানের কোনো মূল্য নেই।’চট্টগ্রামে আধুনিক গানের অ্যালবামের চাহিদা না থাকা প্রসঙ্গে শিল্পী আবদুল মান্নান রানা বললেন, ‘শ্রোতাদের টানতে পারার মতো শিল্পী তো আসছে না। এখন সবাই স্টার হতে চান, শেখার প্রতি তাঁদের আগ্রহ কম। আর চট্টগ্রামে গান রেকর্ডিংয়ের মান তেমন ভালো নয়।’শাহ আমানত অডিও কমপ্লেক্সের মালিক মুহাম্মদ নুরুল হক বলেন, ‘ভালো গান হলে শ্রোতারা শোনে; এর সর্বশেষ প্রমাণ সেলিম নিজামীর ভুলি নাই বন্ধু অ্যালবাম। প্রযোজনা প্রতিষ্ঠান ও শিল্পীদের উচিত ভালো গান করা। তাতে চট্টগ্রামের অডিও বাজারে সুদিন ফিরে আসবে বলে আমার আশা।’