
সিঁড়ি, বারান্দা কিংবা গ্যালারির বিভিন্ন কক্ষজুড়ে শিরোনাম, অক্ষর ও ছবি। নানা কোণে স্থাপন করা প্রজেক্টরের প্রক্ষিপ্ত আলো কেবল দেয়ালেই নয়, দর্শকের শরীরেও তৈরি করেছিল সংবাদের প্রতিরূপ। প্রদর্শনকক্ষের একটি দেয়ালে একের পর এক ভেসে উঠছিল দুর্ঘটনা বা সহিংসতার ছবি। তার পাশের দেয়ালেই দেখা যাচ্ছিল উৎসবমুখর পয়লা বৈশাখের শোভাযাত্রা। সব মিলিয়ে গত ১৫ বছরের ঘটনাবহুল বাংলাদেশ যেন চট করে সামনে এসে দাঁড়াল।
গতকাল শুক্রবার বেলা ১১টায় চট্টগ্রামের শিল্পকলা একাডেমীর গ্যালারিতে শিল্পী ওয়াকিলুর রহমানের দৃশ্যশিল্প খবরখাদ্যের পর্দা ওঠে। নগরজীবনের অন্যতম প্রধান অনুষঙ্গ সংবাদপত্রের এমন শিল্পিত অনুবাদ দেখে মুগ্ধ ও অভিভূত চট্টগ্রামের দর্শকেরা।
প্রদর্শনীতে আসা মূকাভিনেতা রিজোয়ান রাজন বলেন, ‘সিঁড়ি দিয়ে ওঠার সময় চমকে গেছি। আলো এমনভাবে এসে পড়ল, মনে হলো যেন আমিও প্রদর্শনীর অংশ। অভাবনীয়! এমন একটা কাজ দেখে সত্যিই মুগ্ধ।’
প্রথম আলোর পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার পর চট্টগ্রামেও আয়োজন করা হলো এই দৃশ্যশিল্প প্রদর্শনীর। ২ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী।
প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীর সঞ্চালনায় প্রদর্শনীর সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, শিল্পী ঢালী আল মামুন ও ওয়াকিলুর রহমান।
মতিউর রহমান বলেন, ‘মানুষের দুর্ভোগ ও রাজনৈতিক সহিংসতার খবর ছাপতে আমাদের কষ্ট হয়। আমরা অন্য বাংলাদেশের ছবি দেখাতে চাই। তবু আশার কথা হলো, এই বিরূপ পরিস্থিতিতেও মানুষ এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ দেশের সাধারণ মানুষ দেশকে ভালোবাসেন বলেই বাংলাদেশ পথ হারাবে না।’
শিল্পী ঢালী আল মামুন বলেন, ‘খবরখাদ্য প্রদর্শনীতে সংবাদপত্রের দৃশ্য-প্রতিমা তৈরি করেছেন ওয়াকিলুর রহমান। এই অনন্য কাজের বৈশিষ্ট্য হলো, এখানে দর্শকও শিল্পকর্মের অংশ হয়ে পড়েন।’ শিল্পী ওয়াকিলুর রহমান বলেন, ‘এই প্রদর্শনীতে প্রথম আলোর আর্কাইভ থেকে ১৫ বছরের সংবাদ সংগ্রহ করা হয়েছে। সংবাদ কীভাবে তৈরি হয়, পরিবেশিত হয় এবং পাঠকের ওপর তার কী প্রতিক্রিয়া পড়ে, আমি সেটাই দেখাতে চেয়েছি।’ প্রদর্শনীতে আজ শনিবার ও কাল রোববার সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত চট্টগ্রামের শিল্পীদের পরিবেশনায় থাকছে পারফরম্যান্স আর্ট।