চট্টগ্রামের পর সিলেটে ‘রানওয়ে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পর এবার সিলেটে রানওয়ে ছবির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে তিন দিন সিলেট মিলনায়তনে এই প্রদর্শনীর আয়োজন করেছে শ্রুতিচিত্র ও প্রান্তিক পর্ষদ।আয়োজকদের সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার বিকেল তিনটা, পাঁচটা ও সন্ধ্যা সাতটায়; শুক্রবার বেলা ১১টা, বিকেল তিনটা, পাঁচটা, সন্ধ্যা সাতটা এবং শনিবার একই সময় রানওয়ে ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।সিলেটে কাল উদ্বোধনী প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল।ক্যাথরিন মাসুদ প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন তারেক মাসুদ। শুরুতেই ঢাকার বাইরে ছবির প্রদর্শনীর আয়োজন প্রসঙ্গে তারেক মাসুদ বলেন, ‘সচরাচর ঢাকা থেকেই সব ছবির প্রদর্শনী শুরু হয়। কিছু ছবির উদ্বোধনী প্রদর্শনী হয় টেলিভিশনে। এর সঙ্গে কখনো কখনো দু-একটি প্রেক্ষাগৃহে প্রতীকী মুক্তি দেওয়া হয়। আমরা এই বৃত্তের বাইরে গিয়ে রানওয়ে ছবিটি নিয়ে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেছি এবং আমরা তাতে সফল। আমাদের ছবিটি দেখার জন্য সিলেটবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি।’ তিনি জানালেন, সিলেটের পর রানওয়ে ছবির প্রদর্শনী হবে ব্রাহ্মণবাড়িয়ায়।