চট্টগ্রামের পাঠকদের মুখোমুখি বিক্রম শেঠ
‘ভেতরের তাগিদ ও অনুপ্রেরণা ছাড়া কোনো লেখকেরই সাহিত্যচর্চা করা উচিত নয়। এতে অযথা সাদা কাগজ নষ্ট হয় এবং পাঠকেরাও বিরক্ত হন। জীবনের রস আস্বাদন না করে, মানুষের জীবন থেকে বিযুক্ত থেকে সাহিত্য সৃষ্টি করলে তা বিফলে যাবে।’ভারতীয় বংশোদ্ভূত ইংরেজি ভাষার কথাসাহিত্যিক বিক্রম শেঠ চট্টগ্রামের বাতিঘর গ্রন্থ বিপণিকেন্দ্রে এক আলোচনাচক্রে এসব কথা বলেন। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া এই চক্রে তিনি চট্টগ্রামের পাঠকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।পাঠকদের প্রশ্নের উত্তরে বিক্রম শেঠ বলেন, ‘এ দেশে এসে ঠিক করেছি, যতটা পারি মানুষের জীবন দেখব। খুলনায় আমার মায়ের শৈশবের একটা অংশ কেটেছে। তাই খুলনা নামটি আমাকে আবেগপ্রবণ করে তোলে। পাশাপাশি রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কুষ্টিয়া ও শিলাইদহে যাওয়ারও পরিকল্পনা আছে।’আ সুইটেবল বয়-এর মতো বড় কলেবরের উপন্যাস বিক্রম শেঠ লেখার পরিকল্পনা করেননি। লিখতে লিখতে উপন্যাস এমন আকার নিয়েছে। উপন্যাসের চরিত্র ও তাদের সমাজবাস্তবতা তুলে ধরতে চেয়েছেন বলে জানান তিনি।প্রায় ৪৫ মিনিটের এই প্রাণবন্ত আলোচনাচক্রের শুরুতে লেখকের পরিচিতি তুলে ধরেন চট্টগ্রাম কলেজের ইংরেজি সাহিত্যের অধ্যাপক মুজিবর রহমান। বিক্রম শেঠকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন ভৌতবিজ্ঞানী জামাল নজরুল ইসলাম।